কাতারে বিশ্বকাপ আয়োজন ‘পাগলামো’
কাতারে বিশ্বকাপ আয়োজনের এখনো অনেক দেরী। আরো এক দশক পর মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটিতে আয়োজিত হবে বিশ্বকাপ। কিন্তু কাতারে বিশ্বকাপ আয়োজনের এই সিদ্ধান্তে ইউরোপীয়রা যে প্রচণ্ড অখুশি তা মাঝে-মধ্যেই প্রকাশিত হয়ে পড়ছে। ২০১০ বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেওয়া ফিলিপ লাম যেমন বলেই ফেললেন, কাতারের তপ্ত মরুতে গ্রীষ্মকালে বিশ্বকাপ আয়োজন এক ধরনের ‘পাগলামো।’২০২২ সাল পর্যন্ত নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় এক প্রকার ‘স্বস্তি’ই প্রকাশ করেছেন এই জার্মান তারকা। জার্মানির একটি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে যে তাঁকে বিশ্বকাপ খেলতে হবে না তাতে নিজেকে ভাগ্যবানই মনে করছেন লাম। তিনি বলেছেন, ‘ভাগ্যিস আমি ২০২২ সালে খেলবো না, খেললে কাতারের গরমে সেদ্ধ হয়েই মরতে হত।’২০০৯ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জার্মানির বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলাটা অকল্পনীয় এক ব্যাপার। এই অভিজ্ঞতা যার হয়নি, সে জানে না এটা কতটা কষ্টদায়ক।’ কিছুদিন আগেই ফিফা কাতারকে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য মনোনীত করে। আয়োজনের দায়িত্ব পেয়েই কাতার ২০২২ সালের বিশ্বকাপের ম্যাচগুলো শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি জানিয়েছেন, ২০২২ সালের বিশ্বকাপ হয়ত সব নজির ভেঙে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।