কাতারে যাচ্ছে রাগবি দল
বাংলাদেশ রাগবি দল এর আগে দুবার বিদেশে খেলতে গেছে। চেন্নাইয়ে অলিম্পিক বাছাইয়ে নেপালকে হারিয়েছে। ভারতেই অন্য একটি আসরে ইন্দোনেশিয়া ও সিরিয়ার বিপক্ষে জয় পেয়েছে। তৃতীয়বার বিদেশে খেলতে আগামীকাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। এবার গন্তব্য কাতারের দোহা। যেখানে ৩-৪ মার্চ এশিয়া রাগবি সেভেনস হবে। রাগবি সাধারণত ১৫ জনের খেলা। তবে বিদেশে খেলা আগের দুটি টুর্নামেন্টের মতো এটিও ‘সেভেন এ সাইড’ রাগবি টুর্নামেন্ট।
সফরটা পৃষ্ঠপোষণা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও কাতারে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যান্ড গ্রুপ। ১১টি দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে খেলছে থাইল্যান্ড ও ইরান। গ্রুপে এক দল অন্য দলের সঙ্গে খেলবে দুবার করে। সেমিফাইনাল খেলতে পারলে মূল এশিয়া কাপে ওঠার সুযোগ মিলবে। সেরা দুটি দলে জায়গা পেলে বিশ্বকাপের বাছাই খেলার সুযোগ পাওয়া যাবে।
বাংলাদেশ দলের অধিনায়ক পরিতোষ চাকমা লক্ষ্যটা বড়ই রাখছেন, ‘গতবার আমরা ইন্দোনেশিয়া ও সিরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছি। “সেভেন এ সাইড” খেলাটা গতির ওপর খেলতে হয়, আমাদের দলে গতিময় খেলোয়াড় আছে। তাই আমরা সেমিফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী।’ বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির সপনও ভালো করার ব্যাপারে আশাবাদ রাখলেন কাল আয়োজিত সংবাদ সম্মেলনে।