কাতারের অস্বীকার
ব্রিটিশ দৈনিক সানডে টাইমস-এর আনা অভিযোগ অস্বীকার করেছে কাতার। তবে অভিযোগ সত্যি হলে ২০২২ বিশ্বকাপ ফুটবল সরে যেতে পারে কাতার থেকে। নতুন করে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ভোট হতে পারে। ফিফার এ-সংক্রান্ত কমিটির সদস্য লর্ড গোল্ডস্মিথ দিয়েছেন এই তথ্য।
সানডে টাইমস-এর দাবি, কাতারকে বিশ্বকাপের স্বাগতিক করতে ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও এএফসির সাবেক প্রধান মোহাম্মদ বিন হাম্মাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। কাতারকে ২০২২ ও রাশিয়াকে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া ২০১০ সালের সেই ভোট তদন্ত করে দেখছে ফিফা।
কাতারের দাবি, তারা সম্পূর্ণ বৈধভাবেই বিশ্বকাপের স্বাগতিক হয়েছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে দেশটির বিশ্বকাপ কমিটি বলেছে, ‘মোহাম্মদ বিন হাম্মাম কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভূমিকা নেননি। আমরা সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি।’ এএফপি, রয়টার্স।