কাতারের প্রতিনিধিদল আসছে কাল
কদিন আগেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাতার গিয়েছিলেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাতার ফুটবল ফেডারেশনের সহায়তা চান। তখনই আশ্বাস পেয়েছিলেন। তা যে শুধু মুখের কথা নয়, প্রমাণও পাওয়া যাচ্ছে। আগামীকাল সকালে কাতারের ১০ সদস্যের প্রতিনিধিদল ঢাকা আসছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই দলে আছেন কাতার ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি। সঙ্গে থাকছেন সাধারণ সম্পাদকও। শনিবার সকালেই ফিরে যাবে দলটি।বাংলাদেশের ফুটবল উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারে কাতার—তা নিয়েই মূলত আলোচনা হবে। একাডেমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার সুযোগ আছে কাতারের। সালাউদ্দিন তাঁর ‘ভিশন ২০২২’-এ ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে সম্পৃক্ত করতে চান। সালাউদ্দিন এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশ যেমন কাতারের সহায়তা চায়, তেমনি বাংলাদেশকেও কাছে পেতে চায় কাতার। দুই দেশ ফুটবলে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারে এই সফরের মাধ্যমে।