কাতারের যোগ্যতা প্রমাণের আসর
এখনো ভ্রু কুঁচকে আছে অনেকের। কারও কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারও ঠোঁটে পরিহাসের হাসি। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ! ফুটবলের বিশুদ্ধবাদীদের একটা অংশের এই বিস্ময়ের ঘোর কাটাতেও একটা ছোটখাটো পরীক্ষার মঞ্চ চাই।সেটাই হতে পারে আজ শুরু এশিয়ান কাপ ফুটবলের ১৫তম আসর। ১৬ দলের এশিয়া-শ্রেষ্ঠত্বের এ আসরের আয়োজক কাতার, ১১ বছর পর যেখানে বসবে বিশ্ব-শ্রেষ্ঠত্বের আসর। ৫টি ভেন্যুর এই টুর্নামেন্ট দিয়ে কাতার একটা ‘ট্রেলার’ দেখিয়ে দিতে পারে। সংশয়বাদীদের কুঞ্চিত ভ্রু পুরোপুরি না হোক, কিছুটা সোজা তো করতেই পারে। এবারের এশিয়ান কাপ তাই কাতারের আয়োজকের যোগ্যতা প্রমাণের বছর। দোহায় উজবেকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়েই ২৩ দিনের টুর্নামেন্টের উদ্বোধন।ফুটবলের লড়াইয়ের হিসাব-নিকাশে কাতারের নাম অবশ্য আসছে অনেক পরে। ফেবারিট হিসেবে এবারও টুর্নামেন্ট শুরু করবে অস্ট্রেলিয়া। ‘সকারু’দের সবচেয়ে বেশি ফুটবলার ইউরোপের ক্লাব ফুটবলে খেলে। এর পরই আসছে জাপান ও দক্ষিণ কোরিয়ার নাম।কিন্তু ফেবারিট-তত্ত্ব যে ভুল প্রমাণ হতে পারে ২০০৭ সালের আসরই এর বড় প্রমাণ। সেবারও ফেবারিট হিসেবে গিয়ে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। অনেককেই চমকে দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাক জিতে নিয়েছিল শিরোপা। বাজির ঘোড়া হিসেবে এবারও থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাত্রই গত মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে হওয়া গালফ কাপ জিতে আসা কুয়েতও মানসিকভাবে এগিয়ে। ইরান ও সৌদি আরবকেও আপনি বাতিল করে দিতে পারেন না। এই দুটো দেশের মতো সর্বোচ্চ তিনবার শিরোপা জেতা জাপানও আছে শিরোপার দৌড়ে। এবারের লড়াইটা তাই জমজমাটই হবে। জাপানের তিনটি শিরোপাই আবার এসেছে গত ৫টি আসরে। সবচেয়ে ধারাবাহিক ‘নীল সামুরাই’রাই।২৭ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া ভারত চাইছে চমক দেখাতে। যে চমক তারা একবার দেখিয়েছিল ১৯৬৪-এর আসরে। প্রথমবারের মতো অংশ নিয়েই উঠে গিয়েছিল টুর্নামেন্টের ফাইনালে। শেষ পর্যন্ত অবশ্য ইসরায়েলের কাছে হেরে জুটেছিল রানার্সআপের সান্ত্বনা। এবার অবশ্য কোয়ার্টার ফাইনালে যেতে পারাটাই হবে ভারতের সবচেয়ে বড় অর্জন।শেষ আটে ওঠা আসলেই কঠিন। চার গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৬টি দল। প্রতি গ্রুপের দুই সেরা দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপে ভারতের সঙ্গী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও বাহরাইন। এএফপি, ওয়েবসাইট।