কাদের স্বার্থে এমন সিদ্ধান্ত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা পেছানোর পর পরশু নতুন দলবদলের তারিখ ঘোষণা করেছে হকি ফেডারেশন। লিগ কমিটির এ সিদ্ধান্ত অনুসারে এবার একটি ক্লাব পাঁচজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। মাঠেও নামতে পারবে পাঁচজনই। অথচ গত মৌসুমের নিয়মে ৫ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করিয়ে ৩ জনকে খেলানো যেত।
পরশু লিগ কমিটির সভায় নেওয়া আরেকটি সিদ্ধান্তক্রমে সার্ভিসেস দলের অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ ৩ জন খেলোয়াড়কে নিতে পারবে যেকোনো ক্লাবে। এ ছাড়া বিকেএসপি থেকে সর্বোচ্চ ৭ জন খেলোয়াড় নিতে পারবে একটি ক্লাব।
জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই এখন চাকরি করছেন দেশের তিনটি সার্ভিসেস দল নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনাবাহিনীতে। এঁদের তিনজনের সঙ্গে বিদেশি পাঁচজন খেললে স্থানীয় খেলোয়াড়েরা সুযোগ হারাবে, এটাই স্বাভাবিক। দলবদল শুরু না হতেই তাই দুশ্চিন্তায় পড়েছেন সার্ভিসেস দলের বাইরের খেলোয়াড়েরা। আগে যাওবা দু-একজন বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেতেন, এই সিদ্ধান্ত সেই পথও বন্ধ করে দিল। গত মৌসুমে আবাহনীতে খেলা ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব হতাশার সুরে বলছিলেন, ‘আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা বাইরের খেলোয়াড়েরা হয়তো কোনো দলই পাব না। সার্ভিসেস দল থেকে সেরা তিনজন এবং বিদেশিদের আনার পর আমাদের কেউ খোঁজই নিচ্ছে না। অনেক জুনিয়র খেলোয়াড় দল না পেয়ে হকি ছেড়ে দেওয়ার কথা ভাবছে।’
ঘরোয়া হকির দুই বছরের স্থবিরতা কাটিয়ে যাও বা দলবদলের ঘোষণা দিয়েছে ফেডারেশন, তাতে খুশি হতে পারছেন না খেলোয়াড়েরা। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক খেলোয়াড় কাল বললেন, ‘আমি মোহামেডানের সঙ্গে চুক্তি করেছি। আমি না হয় এই মৌসুমের জন্য নিশ্চিত, কিন্তু অন্যদের জন্য খারাপ লাগছে। সিদ্ধান্তটা মোটেও খেলোয়াড়দের পক্ষে যায়নি।’
লিগ কমিটির সিদ্ধান্তকে খেলোয়াড়দের স্বার্থবিরোধী বলে মানতে চাইলেন না ঊষা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক রশিদ শিকদার, ‘আমরা ক্লাবগুলো একমত হয়ে হকির স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের ঘরোয়া হকি অনেক দিন বন্ধ ছিল। দলবদলের সিদ্ধান্তটা নেওয়া জরুরি ছিল। মাঠে খেলা গড়ালেই বোঝা যাবে কার কোথায় দুর্বলতা আছে বা দলগুলো ব্যালান্সড হলো কি না। সিদ্ধান্তটা ভুল না ঠিক, সেটা এখনই বলা যাবে না।’