কানাডা দল যেন ‘জাতিসংঘ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শার্ট পরিপাটি করে প্যান্টে গোঁজা। গলায় টাই। ‘ট্রেডমার্ক’ খোঁচা খোঁচা দাড়িও উধাও। যেন কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের কেতাদুরস্ত কর্মকর্তা। তাঁর আজ তা-ই থাকার কথা ছিল। ২০০৭ বিশ্বকাপের পর ব্যাংকের চাকরি নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। কিন্তু যাঁর হূদয়জুড়ে ব্যাট-বল, হিসাব-নিকাশে কি তাঁর মন বসে? লোভনীয় চাকরি, নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে দেশে ফিরে আসলেন ক্রিকেটের প্রেমে। আশিস বাগাই আজ কানাডার বিশ্বকাপ অধিনায়ক! কালকের সংবাদ সম্মেলনটা নিশ্চিতভাবেই আশিসের ক্যারিয়ারের স্মরণীয় ঘটনাগুলোর একটি। এতজন সাংবাদিকের সামনে কথা বলার সুযোগ তো তাঁর খুব একটা হয় না। অভিজ্ঞতাটা রোমাঞ্চকর না হয়ে পারেই না। ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঘটনা নিয়ে অবশ্য ‘সম্ভবত’, ‘হয়তো’ জাতীয় কোনো শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। শুধু একটি তথ্য মনে করিয়ে দিলেই হবে, ২০০৩ বিশ্বকাপের কানাডা-বাংলাদেশ ম্যাচটিতে অভিষেক হয়েছিল আশিসের!সংবাদ সম্মেলনটা কাল না হয়ে আজ হলে দারুণ হতো, আশিসের ক্যারিয়ারের স্মরণীয় দুটি ঘটনা হতো একই তারিখে! ৮ বছর আগে ঠিক আজকের দিনে বাংলাদেশের গায়ে একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছিল কানাডা। বাংলাদেশ তা ভুলে যেতে চাইলেও কানাডা চাইবে কেন? ‘আমি ছাড়া ওই দলের আর শুধু জন ডেভিসনই এখন আছে। আমরা দুজন সব সময়ই ওই ম্যাচের স্মৃতিচারণা করি। প্রতিটি মুহূর্ত মনে পড়ে। শেষ ক্যাচটা নিয়েই ডেভিসন আনন্দে বল ছুড়ে ফেলল মাঠের বাইরে! ম্যাচের পর থেকে পুরো রাত, সকাল পর্যন্ত আমরা পার্টি করেছিলাম। আমার কাছে, ওই দলের সবার কাছে, কানাডার ক্রিকেট ইতিহাসেও ওই ম্যাচটা স্মরণীয়তম মুহূর্ত।’ওই জয়ের সময় আশিস ছিলেন দলের সদ্য বিশ পেরোনো টগবগে তরুণ। আজ কানাডার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর, এসেছেন টানা তৃতীয় বিশ্বকাপে। বহুজাতিক প্রতিষ্ঠানের সম্ভাব্য কর্মকর্তার কাঁধে এখন দায়িত্ব বহুজাতিক এক দলকে সামলানো। তাঁর নিজেরই জন্ম ভারতে। ভারতে জন্ম দলের আরও পাঁচজনের, তিনজনের পাকিস্তানে। শ্রীলঙ্কা, জ্যামাইকা এমনকি উগান্ডায় জন্ম নেওয়া একজনও আছেন! ‘খাঁটি’ কানাডিয়ান মোটে তিনজন। এই প্রায় পুরো বিশ্বকে সামলান কী করে? ‘প্রশ্নটা আমাকে অনেক শুনতে হয়। কেউ কেউ তো আমাদের দলটাকে ইউনাইটেড নেশনস টিম বলে! সবাই ভিন্ন পরিবেশে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠেছে। শুরুতে কাজটা সত্যিই কঠিন ছিল। তবে আমরা সবাই কাছাকাছি এসেছি, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জেনেছি। সব সংস্কৃতির ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছি।’এঁদের অনেকে শৈশব থেকেই কানাডায়। অনেকে গেছেন জীবিকার তাগিদে। এই যেমন বালাজি রাও। তামিলনাড়ুর লেগ স্পিনার শীর্ষ পর্যায়ের প্রথম ম্যাচেই ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট। রঞ্জি ট্রফিতে অভিষেক মাত্র ১৫ বছর বয়সে। টেস্ট ক্যাপও উঠত মাথায়, কিন্তু সে সময় যে একজন অনিল কুম্বলে ছিলেন! ক্যানসারে আক্রান্ত মায়ের পাশে থাকার জন্য ক্রিকেট ছাড়লেন। মায়ের মৃত্যুর পর ছাড়লেন দেশ। এখন কানাডার একটি বিমা প্রতিষ্ঠানে কাজ করছেন, পাশাপাশি কিছুটা হলেও ঘোচাতে পারছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারার আক্ষেপ। এমন গল্প দলের আরও অনেকেরই আছে। কিন্তু কানাডার জার্সি গায়ে উঠলেই তাঁরা হয়ে ওঠেন এক প্রাণ। বিশ্বকাপে লক্ষ্য কোয়ার্টার ফাইনালে ওঠা, তবে সঙ্গে যোগ করছেন লক্ষ্য ঠিক করা স্রেফ করতে হয় বলেই। আসল লক্ষ্য উপভোগ করা। ক্রিকেটটা খেলছেনই যে তাঁরা হূদয়ের খোরাক জোগাতে!