হঠাৎ করেই এসেছে খবরটা। আগামী মাসে ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে আসবে না কানাডা। বাংলাদেশকে তারা নিরাপদ মনে করছে না। কিন্তু গুলশানে জঙ্গি হামলার পর তো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশ খবরের শিরোনামে নেই বেশ কয়েক মাস। তবু কানাডা আন্তর্জাতিক হকি ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশে আসবে না বলে দিয়েছে।
কানাডা না আসায় বিকল্প কী হবে, সেটি নিয়ে জল্পনা আছে হকি ফেডারেশনে। একেকজন একেক রকম ভাবছেন। কেউ মনে করছেন, কানাডার জায়গায় অন্য কোনো দেশ পাঠাবে না আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। আবার অন্য কোনো দলকে পাঠানো হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
দল আর না এলেই বরং বাংলাদেশের জন্য ভালো হবে মনে করছেন হকি বিশ্লেষকেরা। সে ক্ষেত্রে আগামী ৪ থেকে ১২ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার সেরা দুইয়ে থেকে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের ওঠার সম্ভাবনা দেখতে চান অনেকে। কানাডা বিশ্ব র্যা ঙ্কিংয়ে ১১তম। এমন দল না আসা মানে একটু তো সুবিধা থাকেই।
তবে কানাডা না এলেও পরের রাউন্ডে ওঠা বাংলাদেশের জন্য কঠিন। এফআইএইচ অন্য কোনো শক্তিশালী দল পাঠিয়ে দিলে তো আরও কঠিন হবে। বিশ্ব হকির নিয়ন্ত্রক সংস্থা বিকল্প দল পাঠাবে এমনটাই মনে করছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। তবে সেটির অপেক্ষা না করে কানাডাকেই বরং বাংলাদেশে আসার অনুরোধ জানিয়ে দেশটির ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সেটিই জানালেন কাল। তাঁর কথা, ‘আমরা বিশ্ব হকি ফেডারেশনকে চিঠি লিখে জানিয়েছি, বাংলাদেশে কোনো সমস্যা নেই। নিরাপদেই এ দেশে ভ্রমণ করা যায়। তারপর সমস্যা মনে করলে কঠোর নিরাপত্তা দেওয়া হবে। যেমনটা এরই মধ্যে ক্রিকেট, ফুটবল ও হকির বিভিন্ন ইভেন্ট হয়েছে এ দেশে। এসব উদাহরণ দিলে বিশ্ব হকি ফেডারেশন বলল, কানাডাকে চিঠি লিখতে। আমরা তাই ওদের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি।’
প্রতিযোগিতায় সেরা দুইয়ের বড় দুই দাবিদার ভাবা হচ্ছে চীন ও মিসরকে। ঘানা, ওমান, শ্রীলঙ্কা ও ফিজি আসছে। কানাডা আসুক না আসুক বাংলাদেশের জন্য এটি হবে ঘরের মাঠে বড় এক পরীক্ষা।
তবে বাংলাদেশ দলের সর্বশেষ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি মনে করেন, কানাডা না এলেই বরং ভালো। কারণ, ‘চীনকে আমরা আগে হারিয়েছি। তবে ওরা এখন বেশ এগিয়ে আমাদের চেয়ে। মিসর কাছাকাছি। বাকিগুলোও নাগালের মধ্যেই। সেরা দুই থাকার ব্যাপারে আমি তো এখন ভালোই আশাবাদী, অবশ্য যদি কানাডা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড়ই থাকে।’
প্রতিযোগিতা আট না সাত দল নিয়ে হবে, তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই। দুই গ্রুপ খেলা হবে নাকি লিগভিত্তিক, সেটিও ঠিক হয়নি।