কানাডাই উপভোগের উপলক্ষ
শুরুটা কেমন উপভোগ করলেন আশিস বাগাই? কানাডার অধিনায়ক বলেছিলেন উপভোগ-মন্ত্রে উদ্দীপ্ত হয়েই তিনি দল নিয়ে বিশ্বকাপে এসেছেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেরাই বরং হয়ে গেছেন উপভোগের উপলক্ষ।বিশ্বকাপের জন্য তৈরি হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে যায় শ্রীলঙ্কা। দুই জাত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার অসাধারণ ব্যাটিংয়ের কাছে অসহায় হয়ে পড়ে বাগাইয়ের কানাডা। সাঙ্গাকারা ৮ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন, তবে জয়াবর্ধনে পেয়েছেন তাঁর দ্বিতীয় বিশ্বকাপ সেঞ্চুরি। আর এতেই রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা—৭ উইকেটে ৩৩২ রান। রানের পাহাড়ে চাপা পড়া কানাডা ৩৬.৫ ওভারে ১২২ রানেই হয়ে যায় অলআউট। পরাজয় ২১০ রানের।দুই বন্ধু সাঙ্গাকারা ও জয়াবর্ধনে শ্রীলঙ্কাকে বড় রানের দিকে নিয়ে গেছেন উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের গড়ে দেওয়া ভিত্তির ওপর। দলের ৮৮ রানে থারাঙ্গা-দিলশান আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে ১৭৯ রান তোলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। দুজনে যেন পাল্লা দিয়েই রান তুলেছেন। একজন একটা রান করেন তো, অন্যজন করেন ২ রান। হঠাৎ করেই একটি ভুল করে বসেন সাঙ্গাকারা। জন ডেভিসনের নিরীহ-দর্শন একটি বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান ৯২ রান করে। হতে পারত বিশ্বকাপে সাঙ্গাকারার প্রথম সেঞ্চুরি, কিন্তু হলো না শেষ বিশ্বকাপ খেলতে আসা একজনের হাতে কাটা পড়ে। ১১ বল পর ফিরে যান জয়াবর্ধনেও, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি পূর্ণ করার পর মুখোমুখি হওয়া প্রথম বলেই। তবে ৮০ বলে সেঞ্চুরি করে করেছেন একটি শ্রীলঙ্কান রেকর্ড। বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরিটি এখন তাঁরই। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও সামারাবীরার দুটি ক্যামিও ইনিংসে শ্রীলঙ্কা তোলে বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে করা ৩৯৮ রান তাদের সর্বোচ্চ।উপভোগ না করতে পারলেও কানাডা হয়তো একটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর তো মনে হচ্ছিল বিশ্বকাপে তারা নিজেদেরই একটি লজ্জার রেকর্ডও ভেঙে দিচ্ছে! ২০০৩ সালে এই শ্রীলঙ্কার কাছেই ৩৬ রানে অলআউট হয়েছিল কানাডা। এখন পর্যন্ত বিশ্বকাপে এটিই সর্বনিম্ন ইনিংস। লজ্জাটা অবশ্য কানাডা এড়িয়েছে রিজওয়ান চিমা (৩৭) ও বাগাইয়ের ব্যাটে (২২)।তবে লজ্জা এড়াতে পারলেও আইসিসি যে আগামী বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে বাদ দিতে চাইছে, সেটির জবাব তো দিতে পারল না। আর জিম্বাবুয়ে ও কেনিয়ার পর একটি বড় দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে স্বপ্ন দেখছিল কানাডা, সেটিও কি আর সজীব আছে?