
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭৪ রানে হেরে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের যুবাদের। দলটি এখন খেলছে সান্ত্বনার প্লেট পর্বে। এ পর্বে আজ কানাডাকে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ দল পৌঁছেছে সেমিফাইনালে। সেখানে অপেক্ষা করছে জিম্বাবুয়ে। কানাডার বিপক্ষে বাংলাদেশের রানরেট ছিল ৫.৪৯। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪.৮৯ তুললেই কিন্তু এ সান্ত্বনাসূচক পর্বটি খেলতে হয় না যুবাদের।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান। ব্যাটিং করতে নেমে মুস্তাফিজুর রহমান ও সাঈদ সরকারের তোপের মুখে পড়ে কানাডার টপ অর্ডাররা শুরুতেই গুবলেট পাকিয়ে ফেলে। মুস্তাফিজ-সাঈদের সম্মিলিত ‘হামলা’য় ২৬ রানেই কানাডার ৪ উইকেট হাওয়া। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি। ধুঁকতে থাকা কানাডার ইনিংস শেষ হয় ২৭.১ ওভারে ৭৫ রানে। কানাডার পক্ষে সর্বোচ্চ ১৬ করেছেন কিনেন টিন্টো। আর বাংলাদেশের পক্ষে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ম্যাচ সেরাও এ বাঁহাতি পেসার।
৭৬ রানের মামুলি লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই চড়াও হন ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখ। সাদমান-জয়রাজের উদ্বোধনী জুটিতে আসে ৭৩ রান। মাত্র ১৩.৫ ওভারেই বাংলাদেশ খুঁজে পায় জয়ের বন্দর। জয়রাজ ৩৩ করে আরমান কাপুরের বলে ফিরলেও টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটসম্যান সাদমান দলকে জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন। এ বাঁ হাতি অপরাজিত ছিলেন ৩৫ রানে। ২৭৫ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও এই বাঁ হাতি। আইসিসি।