কানাডার বদলে বিশ্ব হকি লিগে মালয়েশিয়া

নিরাপত্তা ইস্যুতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে বাংলাদেশে না আসার কথা জানিয়েছিল কানাডা। তাদের বদলে এই প্রতিযোগিতায় খেলতে ঢাকায় আসছে মালয়েশিয়া।
বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে পাঠানো এক চিঠিতে কানাডার বদলি হিসেবে মালয়েশিয়ার ঢাকায় আসার কথা জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফএএইচ)। প্রতিযোগিতার অন্য দলগুলো হচ্ছে চীন, মিসর, ঘানা, ওমান, ফিজি, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
কানাডা না আসায় বিকল্প কী হবে, সেটি নিয়ে জল্পনা ছিল। অনেকেই মনে করেছিলেন কানাডার জায়গায় হয়তো অন্য কোনো দেশকে পাঠাবে না এফএএইচ। কিন্তু সেই জল্পনার অবসান হলো বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল মালয়েশিয়া আসার খবরে।
নিরাপত্তার কারণ দেখিয়ে কানাডা নাম প্রত্যাহার করে নেওয়ায় খুশিই হয়েছিলেন কেউ কেউ। হকি তারকা রাসেল মাহমুদ জিমি তো বলেই দিয়েছিলেন কানাডা না এলেই তিনি খুশি। র্যাঙ্কিংয়ের ১১ নম্বর দল নাম প্রত্যাহার করে নেওয়ায় পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ এসেছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু মালয়েশিয়া যে কানাডার চেয়ে কোনো অংশেই কম নয়। বাংলাদেশের র্যাঙ্কিং ৩৫।
আটটি দলকে দুই গ্রুপে ভাগ করেই অনুষ্ঠিত হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ পর্বের খেলা। পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া। এই গ্রুপ অন্য দলগুলো হচ্ছে ফিজি ও ওমান। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম দিনই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফিজি ও ওমানের সঙ্গে পরের দুটি ম্যাচ ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ পর্বের সেরা দুই দল যাবে বিশ্ব হকি লিগের সেমিফাইনাল পর্বে।