নিরাপত্তাকে কারণ দেখিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে ঢাকায় আসতে চায়নি কানাডা। গত সপ্তাহে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনকে নিজেদের অনীহাটা জানিয়ে দেয় কানাডা। বিকল্প দল পেতে খুব দেরি হলো না। কানাডার বদলে ঢাকায় খেলতে আসছে মালয়েশিয়া। হকি ফেডারেশনে কাল এটি নিশ্চিত করেছে এফআইএইচ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক কাল জাতীয় যুব হকি শেষে এফআইএইচ থেকে পাঠানো চিঠি দেখিয়ে বলেন, ‘এফআইএইচ আগেই আমাদের জানিয়েছিল বিকল্প একটি দল বাংলাদেশে খেলবে। শেষ পর্যন্ত তারা মালয়েশিয়াকে পাঠাচ্ছে, এতে আমরা খুশি। যদিও বাংলাদেশের কাছে মালয়েশিয়া তুলনায় কঠিন প্রতিপক্ষ।’ বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে ছিল কানাডা, ১৩তম মালয়েশিয়া। আর বাংলাদেশের স্থান ৩৫-এ।
প্রতিযোগিতার অন্য দলগুলো হলো চীন, মিসর, ঘানা, ওমান, ফিজি, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
আগামী ৪ মার্চ মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গ্রুপ পর্বের অভিযান। ফিজি ও ওমানের সঙ্গে পরের দুটি ম্যাচ ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ থেকে সেরা দুটি দল যাবে বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে।