কানেরিয়াকে আটকে দিয়েছে পিসিবি
সংযুক্ত আরব আমিরাতে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজ রোববার দেশ ছাড়ার কথা ছিল দানিশ কানেরিয়া, মোহাম্মদ সামি, আজহার আলী, তৌফিক ওমর ও মোহাম্মদ ইউসুফের। সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল ক্রিকেটারদের। কিন্তু বিমানবন্দেরের উদ্দেশে বের হওয়ার ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা কানেরিয়াকে জানান, অন্যদের সঙ্গে যাওয়া হবে না তাঁর!পিসিবির পরিচালক জাকির খান রয়টার্সকে বলেন, ‘বোর্ডের অনুমতি না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কানেরিয়া। এর বেশি কিছু আমার বলার নেই।’ একেবারে শেষ মুহূর্তে এসে কানেরিয়াকে আটকে দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট।হঠাত্ কেন পিসিবি অনুমতি দিল না, এ প্রশ্নে দানিশ কানেরিয়া বলেন, ‘কী ঘটেছে জানি না। বোর্ড কর্মকর্তা ফোন করে শুধু জানালেন, আমাকে বিমানবন্দরে যেতে হবে না।’গত মাসে কানেরিয়াকে দলে নেন নির্বাচকেরা। কিন্তু প্রধান নির্বাচক মহসিন খান শুরু থেকেই বলে আসছিলেন, ‘বোর্ড প্রধানের অনমুতি না পেলে কোনো খেলোয়াড়কে দলে ফেরানো সম্ভব হবে না।’ কানেরিয়াকে আটকে দেওয়ার মাধ্যমে যেন মহসিন খানের বক্তব্যই প্রতিফলিত হলো।