কানেরিয়াকে হুমকি দিয়েছিলেন ভারতীয় জুয়াড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানিশ কানেরিয়া দাবি করেছেন, জুয়াড়িদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে না চাইলেও তিনি সম্পর্ক রাখতে বাধ্য হয়েছিলেন। ভারতীয় জুয়াড়ি অরুণ ভাটিয়া নাকি বেশ কয়েকবার হুমকি দিয়েছিলেন এই পাকিস্তানি লেগ স্পিনারকে। গত মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শুনানিতে কানেরিয়া নাকি এমন দাবিই করেছেন। সেই শুনানিতে উপস্থিত একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।কাউন্টিতে ম্যাচ পাতানোর অভিযোগে গত ২২ এপ্রিল দোষী সাব্যস্ত হন কানেরিয়া। আজীবন নিষিদ্ধ হন ইংলিশ ক্রিকেটে। একই সঙ্গে এক লাখ পাউন্ড জরিমানা করা হয় তাঁকে।সূত্র জানায়, ২০০৮ সালে তাঁকে লাহোরে জিজ্ঞাসাবাদ করেছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা। তখন জুয়াড়ি অরুণ ভাটিয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বলা হয়েছিল পাকিস্তানি লেগ স্পিনারকে। এর পরও সম্পর্ক ধরে রাখার কারণ জানতে চাইলে শুনানিতে কানেরিয়া দাবি করেন, বাধ্য হয়েই ওই জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। সম্পর্ক না রাখার সর্বোচ্চ চেষ্টাই তিনি করেছেন। কিন্তু অরুণ ভাটিয়ার হুমকির কারণে তা পারেননি। কাউন্টি ক্লাব এসেক্সের সাবেক সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডের মাধ্যমে ভাটিয়ার সঙ্গে পরিচয় হয় তাঁর।সূত্র জানায়, কানেরিয়ার বক্তব্য বিশ্বাস করেননি ইসিবির কর্মকর্তারা। ভাটিয়ার কাছ থেকে হুমকি পাওয়ার পরও কেন তাঁর সঙ্গে নাইট ক্লাব ও রেস্টুরেন্টে গিয়েছিলেন, এসেক্সের অন্য খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন—এসব নিয়ে কানেরিয়াকে পাল্টা প্রশ্ন করা হয়। কিন্তু এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি পাকিস্তানি এই খেলোয়াড়। কানেরিয়া দাবি করেন, অরুণের সঙ্গে তাঁর পরিচয় ছিল ঠিক। কিন্তু তাঁর কাছে অর্থ নিয়ে নিজে স্পট ফিক্সিংয়ে জড়াননি। অন্যকেও এ কাজে জড়িত হতে কখনো প্ররোচিত করেননি।এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের থাকার কথা স্বীকার করায় গত ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ অবশ্য শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইসিবি ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ডিসিপ্লিনারি কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়ে আজীবন নিষিদ্ধ করেছে কানেরিয়াকে।কানেরিয়াকে ‘ক্রিকেটের জন্য হুমকি’ আখ্যায়িত করে এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘ক্রিকেটের জন্য কানেরিয়াকে বড় হুমকি হিসেবে মনে করছি আমরা। ক্রিকেটকে দুর্নীতি থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব আমরা।’ইসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কানেরিয়া। ইসিবির শাস্তির বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে স্কাই স্পোর্টস টেলিভিশনকে পাকিস্তানি এই স্পিনার বলেছিলেন, ‘এ সিদ্ধান্তে আমি খুবই মর্মাহত। ওরা ঠিক কী কারণে আমাকে অভিযুক্ত করল, আমি জানি না। এটা খুব, খুব বেশি অনৈতিক সিদ্ধান্ত। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ওদের কাছে নেই।’