কানেরিয়ার নিঃসঙ্গ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর প্রথম আপিলটাই টেকেনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজীবন নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়নি। কিন্তু হাল না ছেড়ে দানিশ কানেরিয়া আপিল করেছিলেন আবারও। নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলেও যাতে সেটি কমানো হয়। কপাল মন্দ পাকিস্তানি লেগ স্পিনারের। এবারও ইসিবি খালি হাতেই ফিরিয়ে দিল তাঁকে। উল্টো প্রকাশ্যে দোষ স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছে কানেরিয়াকে।২০০৯ সালে এসেক্সের হয়ে কাউন্টিতে ৪০ ওভারের একটি ম্যাচ খেলার সময় সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডকে সঙ্গে নিয়ে স্পট ফিক্সিং করেছিলেন তিনি। কানেরিয়া নিজে কখনো স্বীকার না করলেও তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন এবং গত বছর ইসিবি তাঁকে আজীবন নিষিদ্ধ করে। নিজেকে নির্দোষ দাবি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেন কানেরিয়া। সেটা ব্যর্থ হলে পরে আপিল করেন নিষেধাজ্ঞা কমানোর। কিন্তু এবারও সাড়া দেয়নি ইসিবি। ক্ষুব্ধ পাকিস্তানি স্পিনার তাই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ইসিবির বিরুদ্ধে, ‘আমি ওদের সিদ্ধান্তে খুব হতাশ ও বিরক্ত। ওয়েস্টফিল্ডের শাস্তি কমিয়ে আনা হয়েছে অথচ আমাকে দোষী বলা হচ্ছে।’ ইসিবি কোনো প্রমাণ ছাড়াই তাঁকে শাস্তি দিয়েছে বলেও অভিযোগ করেছেন কানেরিয়া, ‘আমার বিরুদ্ধে ওদের হাতে কোনো প্রমাণ নেই। ইসিবি আমার প্রতি অবিচার করছে এবং এটা গ্রহণযোগ্য নয়।’ এই দুঃসময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর পাশে দাঁড়ায়নি বলেও ক্ষোভ দেশের হয়ে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের, ‘মাঝে মাঝে আমার নিজেকে একা মনে হয়। হয়তো আমি সংখ্যালঘু বলেই কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না।’ ক্রিকইনফো। এতে অবশ্য পিসিবি বা ইসিবির মন গলছে না। উল্টো কানেরিয়াকে প্রকাশ্যে নিজের দোষ স্বীকার করার আহ্বান জানিয়েছেন ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্ক।