কানেরিয়ার ‘সততা’ নিয়ে সন্দেহ পিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানিশ কানেরিয়ার সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, জাতীয় দলে নেওয়া হবে না এই লেগ স্পিনারকে। কানেরিয়ার করা মামলার শুনানিতে আজ মঙ্গলবার সিন্ধু হাইকোর্টে এ বক্তব্য দিয়েছে পিসিবি।২ জুলাই আদালতে দায়ের করা পিটিশনে কানেরিয়া অভিযোগ করেন, অন্যায়ভাবে তাঁকে খেলার ছাড়পত্র দিচ্ছে না পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটি। এ কারণে পাকিস্তানের টেস্ট দলে ফিরতে পারছেন না তিনি।শুনানিতে পিসিবির আইনজীবী তফাজ্জল রিজভী বলেন, ‘গত বছর কানেরিয়াকে পুলিশি জিজ্ঞাসাবাদের সব নথি বোর্ডের কাছে উপস্থাপন করার আগ পর্যন্ত তাঁকে দলে নেওয়া সম্ভব নয়।শুনানি শেষে সাংবাদিকদের রিজভী বলেন, ‘আমরা আদালতকে বলেছি, আমরা কাউকে বিভ্রান্ত করতে চাই না। গত বছর স্পট ফিক্সিং ইস্যুতে আমাদের বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে। এ জন্য কানেরিয়াকে জিজ্ঞাসাবাদের নথিপত্র যাচাই করা জরুরি। পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই কাউকে খেলার অনুমতি দেবে কমিটি।রয়টার্স জানায়, ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার সময় তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করে। শেষ পর্যন্ত কেউ কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়নি। কানেরিয়ার বিরুদ্ধে কোনো তদন্ত আর চলছে না—এই মর্মে পিসিবিকে চিঠি পাঠায় এসেক্স পুলিশ। এর পরও কানেরিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে লর্ডস টেস্টে বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটি। ওয়েবসাইট।