কান্নাই প্রাপ্তি ব্রিটিশদের!
অ্যান্ডি মারে কাঁদছেন। কাঁদছেন তাঁর মা জুডি। হু হু কান্নায় ভেঙে পড়েছেন তাঁর বান্ধবী কিম সিয়ার্স। আবেগের ঢেউ নাড়া দিয়ে গেছে অদূরে বসে থাকা ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকেও। সে এক আবেগোচ্ছল মুহূর্ত। হাতে ধরে থাকা তারহীন মাইক্রোফোনটি বারবার মুখের কাছে এনেও সরিয়ে নিচ্ছিলেন মারে। দলা পাকিয়ে ওঠা কান্না সামাল দেওয়ার কী বৃথা চেষ্টা! এর চেয়ে রজার ফেদেরারকে হারানোও যেন সহজ।আবেগতাড়িত দর্শকেরা করতালির বৃষ্টি ঝরিয়েই যাচ্ছেন। এরই মধ্যে অনেকক্ষণ কান্না সামলে মারে বললেন, ‘গেটিং ক্লোজার!’ এর পর আবার কান্না।সত্যিই তো। কাছাকাছি অন্তত যাচ্ছেন! এ নিয়ে চার-চারবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। ৭৪ বছর কোনো ব্রিটিশ খেলোয়াড় যা পারেনি, সেটাই করে দেখিয়েছেন। উইম্বলডনের ফাইনালে রেখেছেন পা। কিন্তু আসল অপেক্ষাটির অবসান হলো না। ৭৬ বছর ধরে যে পুরুষ এককে কোনো ব্রিটিশ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম শিরোপা ওঠেনি!পরশু দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে প্রথম সেটটা জিতে আশার ঝলকানি ঠিকরে পড়ছিল মারের র্যাকেটে। দ্বিতীয় সেটেও ছিল লড়াইয়ের উত্তাপ। কিন্তু ২৫ বছর বয়সী এই স্কটিশের ভাগ্য আসলেই খারাপ। না হলে চারবারের ফাইনালের তিনবারই রজার ফেদেরারের মুখোমুখি হতে হয়। তা-ও আবার ফেদেরার তাঁর সেরা খেলাটাই বের করে আনেন!শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও ব্রিটিশদের মন ঠিকই জিতে নিয়েছেন। স্কটিশ বলে নাক-উঁচু ইংলিশদের অনেকেই ঠিক সেভাবে তাঁকে বরণ করে নিত না। এমনও বলা হতো, মারে জিতলে পুরো ব্রিটেন জেতে, মারে হারলে হারে শুধু স্কটল্যান্ড। ‘আবেগহীন’ মারেকে নিয়ে সবচেয়ে সমালোচনামুখর ছিল মধ্য-ডানপন্থী পত্রিকা ডেইলি মেইল। সেই পত্রিকায় জুডি-সিয়ার্সদের কান্নার ছবি ছাপিয়ে শিরোনাম করেছে: ‘মেয়েরা কেঁদো না, ও আমাদের গর্বিতই করেছে।’এর আগের তিনটি ফাইনালেই প্রত্যাশার চাপে নুয়ে পড়েছিলেন সরাসরি সেটে হেরে যাওয়া মারে। ম্যাচের আগে তাঁকে নিয়ে ব্রিটিশদের উন্মাদনা, পত্রিকাগুলোর প্রশংসার স্রোত, স্বাগতিক দর্শকদের চাপ—সব মিলে মনে হচ্ছিল, এবারও হয়তো পারবেন না। পারেননি। কিন্তু এই প্রথম ফাইনালের চাপ তাঁর খেলাটাকে শেষ করে ফেলেনি বলেও মনে হয়েছে। ম্যাচ শেষে এটাইকেই নিজের বড় পাওয়া বলে মেনেছেন মারে, ‘আমি নিজের সেরা স্লাম ফাইনালটি খেলেছি। সুযোগ তৈরি করেছিলাম, এক সেটে এগিয়েও গিয়েছিলাম। শেষ দুটি সেটে হারলেও আমারও সুযোগ ছিল।’ স্বীকার করেছেন, ‘আগের ফাইনালগুলোর তুলনায় আজই বেশি স্বস্তি অনুভব করেছি।’ বৃষ্টি সেন্টার কোর্টে নামিয়ে এনেছিল ছাদ। কোর্টটি তখন হয়ে গিয়েছিল ইনডোর স্টেডিয়ামের মতো। এটা ফেদেরারকে সাহায্য করেছে বলে মনে করেন মারে। তবে এও বলেছেন, ‘আমরা সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেটকে নিয়েই কথা বলছি।’এই পরাজয় থেকেও প্রেরণা খুঁজছেন মারে, তাকাচ্ছেন আগামীর দিকে। খোদ ফেদেরারও স্বীকার করেছেন, ‘মারের একটা গ্র্যান্ড স্লাম পাওনা হয়ে গেছে।’ এএফপি, রয়টার্স।