কান্নাভেজা চোখে কিউপিআরে সিজার
পেশাদারি জীবনের নিয়ম মেনেই ছাড়ছেন ক্লাব। কিন্তু সাত বছরে আত্মার বন্ধন গড়ে উঠেছিল ইন্টার মিলানের সঙ্গে! বিদায়বেলায় তাই অশ্রুসিক্ত হুলিও সিজার। পরশু সান সিরোতে ইন্টার সমর্থকদের বিদায় জানালেন কান্নাভেজা চোখে। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান গোলকিপারের সঙ্গে ইন্টার ছাড়ছেন তাঁর স্বদেশি মাইকনও। এই রাইটব্যাকের ঠিকানা হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।মাইকনের ব্যাপারটি সুরাহা হয়ে যাওয়ার কথা কাল রাতেই। ট্রান্সফার জানালার শেষ দিনে কাল এমন বিকিকিনি হয়েছে আরও অনেক। সিজারের সঙ্গে এবারের বাজারে হাত খুলে খরচ করা কুইন্স পার্ক রেঞ্জার্স পরশু রিয়াল মাদ্রিদ থেকে এনেছে এস্তেবান গ্রানেরোকে। লিভারপুল থেকে এক বছরের জন্য ধারে ওয়েস্ট হামে পাড়ি জমিয়েছেন অ্যান্ডি ক্যারল, ম্যানচেস্টার সিটি থেকে নাইজেল ডি ইয়ং এসি মিলানে। বাতাসে ছিল আরও অনেক গুঞ্জন। কাল শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকার কথা ঘর ছাড়া আর নতুন ঘর খোঁজার এই খেলা।গোলবারের নিচে দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিককে পরশু আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ করে দিয়েছিল ইন্টার। ইউরোপা লিগে রোমানিয়ান ক্লাব ভাসলুইয়ের সঙ্গে ম্যাচের আগে মাইক্রোফোন হাতে সান সিরোর কাছ থেকে বিদায় নিয়ে নেন ৩২ বছর বয়সী সিজার, ‘সাতটি অসাধারণ বছরের জন্য আমি ইন্টার সমর্থক ও প্রেসিডেন্ট মোরাত্তিকে ধন্যবাদ জানাতে চাই। যখন এখানে এসেছিলাম, আমি ছিলাম সাধারণ একজন। কিন্তু সবাই আমাকে সাদরে গ্রহণ করেছিল। মানচিনি (সেই সময়ের কোচ) আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন, আমি বুঝে গিয়েছিলাম সঠিক জায়গাতেই এসেছি।’স্কাই ইতালিয়ায় সাক্ষাৎকারে সিজারকে ধন্যবাদ জানান ইন্টার প্রেসিডেন্ট মোরাত্তি। আর ওখানেই জানিয়ে দেন, মাইকনকেও বিদায় জানিয়ে ফেলেছে ইন্টার। তার মানে, মাইকনের ইস্টল্যান্ডে আসার গুঞ্জনটা সত্যি হতে চলেছে। ৩১ বছর বয়সী ডিফেন্ডার ইন্টারে আসেন ২০০৬ সালে, তখন ম্যান সিটির বর্তমান কোচ মানচিনিই ছিলেন ইন্টারের কোচ।কিউপিআর গ্রানেরোকে এনেছে চার বছরের চুক্তিতে। ট্রান্সফার ফি অবশ্য জানা যায়নি। এবারের দলবদলের বাজারের চমক ইংলিশ ক্লাবটি সিজার ও গ্রানেরোর আগে দলে নিয়েছে পার্ক জি সুং, অ্যান্ড্রু জনসন, রায়ান নেলসেন, রবার্ট গ্রিন, স্যামবা ডায়াকিটে, হোসে বসিঙ্গাকে। সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এনেছে ব্রাজিলিয়ান ফুলব্যাক ফ্যাবিওকে। এবার ধারের বাজারটাও বেশ ভালো, লিভারপুল থেকে ধারে ওয়েস্ট হামে গেলেন লিভারপুল স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল। এক বছরের জন্য ডাচ ফরোয়ার্ড ইব্রাহিম অ্যাফেলাইকে জার্মান ক্লাব শালকেকে দিল বার্সেলোনা।ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা ও কাসানোকে হারানো মিলান শূন্যতা কিছুটা পূরণের চেষ্টা করছে ডি ইয়ংকে নিয়ে। আর বেনফিকা ছেড়ে এসেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিওলা। শোনা যাচ্ছে, ৩০ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আসছেন এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে যাওয়া মালাগায়। এএফপি, রয়টার্স।