কান্নাভেজা রূপকথা

রেফারির শেষ বাঁশি যেন আচমকা আঘাত, মুহূর্তেই যা ভেঙে দিল স্বপ্নঘোর। ফোর্তালেজার গ্যালারির হলুদসমুদ্র যখন উত্তুঙ্গ, তিনি তখন ঠিক মাঠের মাঝখানে। একবার নিচে তাকালেন, পরমুহূর্তে ওপরে। স্তাদিও কাস্তেলাওয়ের কৃত্রিম আলোর রোশনাই ছাড়িয়ে দৃষ্টি যেন নিকষ শূন্যে। ঠোঁটে ঠোঁট চেপে সামলাতে চাইলেন নিজেকে। কিন্তু আবেগের তীব্রতার কাছে যে বড্ড ঠুনকো এই বাঁধ। খানিক পরই তাই অসহায় আত্মসমর্পণ। এই বিশ্বকাপের উজ্জ্বলতম তারা তিনি। বিশ্বকাপের বিস্ময়। গোল্ডেন বুট আর বলের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে। মাঠে উপভোগ করেন প্রতিটি মুহূর্ত, কলম্বিয়ান সাম্বার আনন্দময় উদ্যাপনেও তিনি মধ্যমণি। সেই হামেস রদ্রিগেজের চোখে পানি!
সোনার ছেলের অশ্রুফোঁটা যেন শেল হয়ে বিঁধল স্বপ্নভঙ্গের বেদনায় মুহ্যমান কলম্বিয়ানদের বুকে। বিশ্বকাপ রাঙানো তারার চোখে পানি দেখে মুহূর্তের জন্য থমকে গেলেন গ্যালারিতে নাচতে থাকা ব্রাজিলিয়ানরা, টিভি পর্দার সামনে কোটি ব্রাজিল সমর্থকও। ব্রাজিলের নায়ক ডেভিড লুইজ জয়োৎসব রেখে এগিয়ে গেলেন প্রবল প্রতিপক্ষের দিকে। দুগালে হাত রেখে, বুকে টেনে নিয়ে জানালেন সান্ত্বনা। জার্সি বদল করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গায়ে চাপালেন রদ্রিগেজের জার্সি। ডাগ-আউট থেকে ছুটে গিয়ে দানি আলভেজও সান্ত্বনা জানানোয় সঙ্গী সতীর্থের। রদ্রিগেজের আবেগের স্রোত যেন আরও বেগবান হলো তাতে। হাঁটা দিলেন ড্রেসিংরুমের পথে। কোচ হোসে পেকারম্যান বুকে জড়ালেন আপন সন্তানের মতো। ছুটে গিয়ে পিঠ চাপড়ে দিলেন, সান্ত্বনা জানালেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিও।
আরও মিনিট পনেরো পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য দাঁড়ালেন ক্যামেরার সামনে। গাল বেয়ে তখনো গড়িয়ে পড়ছে অশ্রুফোঁটা। ফোঁপাতে ফোঁপাতেই বললেন, ‘আমি কাঁদছি, কারণ আমরা মাঠে সর্বস্ব উজাড় করে দিয়েছি। কিন্তু রেফারিং আমাদের বিপক্ষে গেছে। ম্যাচের ফলকে ভীষণভাবে প্রভাবিত করেছে রেফারিং।’ পরক্ষণেই হয়তো বুঝলেন অজুহাত শুধু যন্ত্রণাই বাড়াবে, ‘ওসব বলে এখন আর লাভ নেই। ফুটবল এমনই। যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেটা আমরা পূরণ করেছি। কিন্তু নতুন করে স্বপ্ন দেখছিলাম আরও বড় কিছুর। এ জন্যই কষ্ট লাগছে।’
ম্যাচের শুরু থেকেই পরশু ব্রাজিলিয়ানদের কড়া ট্যাকলিংয়ের শিকার হয়েছেন রদ্রিগেজ। তাতে তাঁর সেরাটা দেখা যায়নি। কিন্তু প্রতিভা আর সামর্থ্যের কিছু ঝলক তবু ঠিকই দেখিয়েছেন। একমাত্র গোলের পেনাল্টি তাঁর দারুণ এক পাস থেকেই পেয়েছিল কলম্বিয়া। প্রবল চাপের সেই পেনাল্টিতেও রদ্রিগেজ রেখেছেন পরিণতিবোধের ছাপ। ২০০২ বিশ্বকাপে রিভালদোর পর বিশ্বকাপে প্রথম টানা ৫ ম্যাচে গোল করলেন কেউ। ষষ্ঠ গোলে গোল্ডেন বুট-বলের লড়াইয়েও নিজেকে এগিয়ে নিলেন এক ধাপ। দুটির একটি পেলেও সেটি হবে বড় এক সান্ত্বনা, প্রাপ্য স্বীকৃতি!
তবে আজ থেকে অনেক দিন পর, এই আসরকে যখন বলা হবে এক মহাতারকার আবির্ভাবের বিশ্বকাপ, নেপথ্যে ফুটে উঠবে রদ্রিগেজের কান্নাভেজা ছবিটাও। সব সময়ই সুখ-শান্তিময় নয়, রূপকথার শেষটাও কখনো কখনো এমন কান্নাভেজা! তথ্যসূত্র: মাছরাঙা টিভি, ফিফাডটকম, গোলডটকম।