কান্নার রং হলুদ

স্ট্রেচারে করে তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময়ই হয়তো কেঁপে উঠেছিল সমর্থকদের বুক। অজানা আশঙ্কায়। কিন্তু তখনো বোঝা যায়নি, কী ভীষণ ভয়াবহ দুঃসংবাদ তেড়েফুঁড়ে আসছে খ্যাপা ঘূর্ণিঝড়ের মতো। কে জানত, ৮৮ মিনিটে নেইমারের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া আসলে বিশ্বকাপ থেকেই বেরিয়ে যাওয়া!
জঙ্গির ভঙ্গিতে লাফিয়ে ওঠা জুনিগার ধাক্কা দৃশ্যত ভয়ানক কিছু মনে হয়নি। মাটিতে শুয়ে নেইমারের কাতরাতে থাকা দৃশ্যও হয়তো অনেকের মনে হয়েছিল, ও কিছু না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফোর্তালেজার হাসপাতাল ব্রাজিল সমর্থকদের এমন খবর দিল, এক যুগ পর সেমিফাইনালে ওঠার আনন্দ নিমিষেই পরিণত হলো গাঢ় বিষাদে। জানা গেল, আপাত নিরীহ মনে হলেও ধাক্কাটি আসলে লেগেছে মানবদেহের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটিতে। মেরুদণ্ডের অস্থিসন্ধিতে পাওয়া এই আঘাত দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে দিল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নরথের সারথিকে।
ব্রাজিলের টিম হোটেলের সামনে সমর্থকদের ভিড় হওয়ার কথা ছিল উল্লসিত স্লোগানমুখরতায়। সেই ভিড়টা এখন হাসপাতালের সামনে। কে জানে, ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্নও এখনো আইসিইউতে কিনা! এএফপি ও রয়টার্স