কান্নায় সিলভার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ত্বনার তৃতীয় স্থানও মিলল না! হতাশ সিলভা–নেইমার l এএফপি
সান্ত্বনার তৃতীয় স্থানও মিলল না! হতাশ সিলভা–নেইমার l এএফপি

দুই দিন আগে বলেছিলেন, জার্মানি-লজ্জার মতো অঘটনের পুনরাবৃত্তি ১০০ বছরেও হবে না। পরশু ১৭ মিনিটের পর নিজের কথাটা কি ফিরে ফিরে আসছিল থিয়াগো সিলভার কাছে? ততক্ষণে দুই গোল ঢুকে গেছে ব্রাজিলের জালে, বেলো হরিজন্তের ভূত কি ব্রাসিলিয়াতেও ভর করল? শেষ পর্যন্ত সাত গোলের লজ্জায় ডুবতে হয়নি বটে, কিন্তু ম্যাচটা শেষ করতে হয়েছে মাথা নিচু করেই। হল্যান্ডের কাছে নিজেদের মাঠে তিন গোল খাওয়ার কোনো সান্ত্বনা তো আসলেই হতে পারে না!
জার্মানির সঙ্গে ম্যাচটা দেখতে হয়েছে মাঠের বাইরে থেকে। অক্ষম আক্রোশে হাঁসফাঁস করেছেন, থিয়াগো সিলভার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অবিরত। ম্যাচ শেষে সান্ত্বনা দিতে গিয়েছিলেন সতীর্থ ডেভিড লুইজকে। কিন্তু একবারও কি ভেবেছিলেন, পরশু তাঁর কাঁধে হাত রাখার মতো কেউ থাকবে না? অনেকেরই ধারণা, সিলভা থাকলে ব্রাজিল কখনোই সাত গোল খেত না। কলম্বিয়ার ম্যাচ পর্যন্তও দুর্দান্ত খেলছিলেন। কিন্তু পরশুর পর সিলভার ওপর সেই আত্মবিশ্বাস একটু হলেও কি টলে যায়নি? বোঝাই যাচ্ছিল, সতীর্থেরা জার্মান-দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। কোথায় ফিরে এসে দলকে জাগিয়ে তুলবেন, উল্টো তিনিও যোগ দিলেন ব্যর্থতার মিছিলে। ম্যাচ শেষে কান্নাভেজা চোখেই জানিয়েছেন নিজের অনুভূতি, ‘আমরা খুবই হতাশ। গত রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। এখন এই রকম শেষ দেখতে হলো... এটা তো আমাদের প্রাপ্য ছিল না। দুর্ভাগ্যজনকভাবে এটাই ফুটবল।’
তারপরও বেলো হরিজন্তের সেই অভিশপ্ত রাতের সঙ্গে পরশুর কোনো তুলনা নেই। তা ছাড়া পরশুর এই ম্যাচটা তো মূল্যহীনই। তবে একটা দিকে দুইটা দিনই মিলে গিয়েছিল একবিন্দুতে। বেলো হরিজন্তেতে সেদিন দুয়ো শুনতে হয়েছিল লুইজদের। পরশু সিলভাকেও যেতে হলো সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে। ব্রাজিল অধিনায়ক মেনে নিচ্ছেন এটা তাঁদের প্রাপ্য ছিল, ‘জার্মানি ও হল্যান্ডের সঙ্গে ম্যাচে যারা আমাদের সমর্থন দিয়েছিল, তাদের উদ্দেশে ক্ষমা চাইছি। তারা আমাদের শেষে গিয়ে দুয়ো দিয়েছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক। তাদেরও তো অনুভূতি আছে।’
এই ব্রাজিলের অধিনায়ক বলুন, নেতা বলুন, সবই কিন্তু ২৯ বছর বয়সী অধিনায়ক। তাঁর হতাশাও সংগত কারণেই বেশি, ‘বাড়ি ফিরে এখন আমাকে বলতে হবে আমরা ব্যর্থ হয়েছি। এটা খুবই কঠিন।’ গোলডটকম।