কাপ জিতল লাৎসিও
খেলা শুরুর আগেই অলিম্পিক স্টেডিয়ামের কাছাকাছি এক জায়গায় লুকোনো দুই ব্যাগ ছুরি আর লাঠি উদ্ধার করল রোমের পুলিশ। তড়িঘড়ি করে বাড়তি আরও দুই হাজার নিরাপত্তাকর্মী নামানো হলো মাঠের ভেতরে ও বাইরে। দুই ক্লাবের বৈরিতার ইতিহাস বলে, ‘রোম ডার্বি’তে একবার সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হলে সেটা রণক্ষেত্র না হয়ে যায় না! তার ওপর ম্যাচটা যদি হয় ‘কোপা ইতালিয়া’র ফাইনাল! কে নেবে এই বাড়তি ঝুঁকি? আদতে কিন্তু কিছুই হলো না। মাঠের বাইরের এই উত্তেজনার কিছু খুঁজে পাওয়া গেল না রোমা কিংবা লাৎসিওর খেলায়। বরং নান্দনিক বিচারে খুবই সাদামাটা এক ফাইনালে ৭১ মিনিটে লাৎসিওর হয়ে গোল করলেন বসনিয়ান ডিফেন্ডার সেনাদ লুলিচ। ১-০ গোলে জিতেই ষষ্ঠবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা হাতে নিল লাৎসিও। লিগে সপ্তম হওয়া লাৎসিও এ জয়ের সুবাদে এখন খেলতে পারবে পরেরবারের ইউরোপা লিগেও। এদিকে রেকর্ড দশম কাপ জয়ের স্বপ্নটা হাতছাড়া হয়ে যাওয়ায় রোমার সমর্থকেরা যেমন হতাশ হয়েছেন, তেমনি নড়বড়ে করে দিয়েছে তাদের কোচ আন্দ্রিয়া আন্দ্রিয়োজ্জলির ভবিষ্যৎও। ফাইনালের পরেই গুঞ্জন রটে গেছে, চাকরি হারাচ্ছেন আন্দ্রিয়োজ্জলি। তাঁর বদলি হিসেবে নাকি এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে আনার কথাও ভাবছে রোমা! এএফপি।