কাপ জিতুক না-জিতুক তবু আর্জেন্টিনা

বিষয়টি মোটেও মাথায় ঢুকছে না। ঢোকার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। যা কিছু বুঝি, হয়তো বা তা বাতাসের ইশারা। সঙ্গে কিছু ভেদবুদ্ধি বেড়ে ওঠে আপন আন্দাজে, নিজের স্বভাবে। পরিচিত বয়ঃপ্রাপ্তির লক্ষণে। মনে মনে ভাবি (সঠিক সিদ্ধান্তের মতো): এমনটি হতেই পারে। কারণ? না, সবকিছুরই ‘কারণ’ থাকতে হবে, তারও কোনো ‘কারণ’ নেই। আর্জেন্টিনার সে এক আরজি—‘জোটেনি তেমন কিছু, তবুও কতজন ছুটছে পিছু পিছু...
আমরা অনেকেই বেমালুম ভুলে গেছি দক্ষিণ আমেরিকান উরুগুয়ের কথা: বিশ্বকাপের প্রথম আসরেই যে দলটি শিরোপা জিতেছিল আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে। সেটা ১৯৩০ সাল। মাঝে দুটি আসর বাদ দিয়ে, দ্বিতীয়বারের মতো উরুগুয়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় চতুর্থ আসরেই: ১৯৫০ সালে উরুগুয়ে ধরাশায়ী করে ব্রাজিলকে ২-১ গোলে।
বলে রাখা উচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ স্থগিত থাকে। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জয় করেছিল ইতালি, পর পর দুবার। এই ঔজ্জ্বল্য নিভিয়ে দিয়ে পরে, চার আসরের তিনটিতেই (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) ব্রাজিল বিশ্বকাপ ঘরে তোলে অভাবনীয় দাপটে। রক্তে-মাংসে-ঘামে চিরকালের মতো খরিদ করে নেয় ‘জুলে রিমে’ নামের সোনার পরি। তারপর দীর্ঘ ২৪ বছরের তৃষ্ণা নিবারণ হয়েছিল খোদ যুক্তরাষ্ট্রে, পেনাল্টি শুট-আউটে, ইতালিকে ৩-২ গোলে হারিয়ে। রোমারিওর খাম-খাম ভাবের বিরুদ্ধে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও দারুণ লড়াই উপহার দিয়েছিলেন ইতালির আক্রমণভাগের নন্দিত রবার্তো বাজ্জো। পেশাদারত্ব আর জেতার অদম্য স্পৃহা মূলত কী জিনিস, আহত বাজ্জো সেটা একাই দেখিয়েছিল নিহত ইতালিকে। লড়াইটা ফাইনালের অধিক এক ফাইনাল। বাঘে-সিংহে নয়, হাতিতে-গন্ডারে নয়, বরং ধ্যানে-জ্ঞানে-দীক্ষায় বিখ্যাত ছিল সেই ফাইনাল।
যা-ই হোক, বিশ্বকাপে ব্রাজিল যখন পাঁচবারের চ্যাম্পিয়ন (’৫৮, ’৬২, ’৭০, ’৯৪ ও ২০০২), ইতালি যখন চারবারের চ্যাম্পিয়ন (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬) জার্মানি যখন তিনবারের শিরোপাধারী (১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০), যখন উরুগুয়ে-আর্জেন্টিনা হেড-টেলে দুবার করে মাত্র, তখন ছাদ-কার্নিশ, গাছের মগডাল, বাড়ির উদ্যান-প্রাঙ্গণ-করিডরজুড়ে ফুটবলের বিশ্বসংসার তছনছ করে কেন উড়ছে শুধুই ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা? মাঝেমধ্যে এক-আধটি ইতালি, দু-একটি জার্মানি, প্রতারিত হয়েছে ফ্রান্স, বিলুপ্ত হয়েছে উরুগুয়ে! এশীয় হওয়ার সুবাদে জাপান-কোরিয়ারা উঁকি দিচ্ছে কালেভদ্রে। ব্যাপারটা আনন্দের বটে!
আধুনিক ধারার (?) ফুটবল-প্রবর্তক ইয়োহান ক্রুইফের হল্যান্ডের পতাকা বানিয়েও খরচ পোষে না। সরল সমীকরণের পথে গেলে শিরোপাপ্রাপ্তির গাণিতিক অংশ দাঁড়ায় ৫: ২ এবং তা ব্রাজিল-আর্জেন্টিনার ক্ষেত্রেই। একটি-দুটি নয়, তিন ধাপ নিচে।
কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে দেশব্যাপী উচ্ছ্বাস ও আলোড়নের জোয়ারটা যেন দুটি নদীর দুই সমান্তরাল ঢেউ। ইতালি, জার্মানি বা উরুগুয়ে যার ধারেকাছে নেই।
ব্রাজিলের না হয় কাপ বিজয়ের নিরিখে আতিশয্যের মসলাটা রয়েছে, কিন্তু আর্জেন্টিনার? মাত্র দুবারের কাপজয়ী আর্জেন্টিনাকে নিয়ে এত বেশি মানসিক পসরা, এত উল্লাস, এত বেশি আদিখ্যেতা কেন? লাতিন ফুটবলের সঙ্গে ওরা কিছুটা ইউরোপীয় ধারার সংমিশ্রণ ঘটিয়েছে বলেই কি? ওদের জনপ্রিয়তার মূলে অন্য কোনো ক্যাপসুল রয়েছে, যেখানে জিব ছোঁয়ালে নেতানো ফুটবলও তরতরিয়ে লতিয়ে ওঠে। নামটি মুখে আনলে আপাদমস্তক বিদ্যুতের ঝাঁকুনি খায়। সে নিন্দিতই হোক, আর নন্দিতই হোক, পা দুটি তাঁর ফুটবলের বহু নন্দনতত্ত্বে ঠাসা। এই তিপান্নতে এসেও সে বুটের গোড়ায় ছোট্ট একটি কমলালেবুকে নাচান, শিশুর মতো তাঁকে নিয়ে জিগ-জ্যাগ খেলেন। চারপাশের লোকজন তাঁর এই তামাশা কৌতূহল প্রাণভরে উপভোগ করেন। মেলাতে থাকেন যুবক বয়সী তাঁর সময়টাকে ‘রিওয়ান্ড’ করে। শরীরটা তাঁর ঠিক হরলিকস কিংবা ছোট্ট এক ডানোর ডিব্বার মতো। ‘ব্যক্তিগত নৈপুণ্যে’র সঙ্গে সৃজনশীলতার অপরূপ সমন্বয় ঘটানোর অভ্যাস তাঁর মাথায়, শরীরে ও মননে। যেন একাই এক শ।
আমি একজন ‘ম্যারাডোনা’র কথাই যে বলছি: বিংশ শতকেই যিনি দ্বাবিংশের ফুটবলটা একাই খেলে গেলেন মারদাঙ্গা-ফুটবলের রাফ অ্যান্ড টাফের আমলে। কে ছিলেন তাঁর সাথি-সতীর্থ? একজন গারিঞ্চা, একজন ডিডি, একজন ভাভা, একজন জাগালো, একজন জেয়ারজিনহো, একজন রিভেলিনো, একজন টোস্টাও, একজন আলবার্তো?...না, কেউ ছিলেন না। পক্ষান্তরে ছিলেন শুধু ম্যারাডোনা। একলা একজন ম্যারাডোনা। ভীষণ রকম একাকী একজন ম্যারাডোনা।
আজ বলতে বাধ্য: এখনো প্রাপ্তিযোগের বিপরীতে আর্জেন্টিনার ভান্ডারে বিশ্বকাপের দুটি মাত্র রেপ্লিকা, অথচ বাংলাদেশে এই দলটিকে নিয়ে বড় বেশি উথালি-পাতালি। এই সূর্যসত্যের অগ্নিফণাটি ২৮ বছর শুধু ফোঁস ফোঁস করে যাচ্ছে। অর্থহীন। কিন্তু গ্রামে-গঞ্জে, অজপাড়াগাঁয়ে উড়ছে পতাকা। এই দেশটির সঙ্গে আসলে যে ম্যারাডোনার সার্কাস-কীর্তি, আর এই কীর্তিটাই আমাদের সাধারণ মানুষের মনের সঙ্গে, আর্জেন্টিনার ফুটবলকে শক্ত সুতোয় সেলাই করে দিয়েছে, তৈরি করেছে এমন এক পোশাক, যেটা পরিধান করতে বাধ্য করেছে ম্যারাডোনার খ্যাতি, পরিবৃত্ত, বিষয়মিশ্রিত পাগলামি ইত্যাদি।
গ্রামগঞ্জে এমন অনেক বসত আছে, যেখানে নিত্যনব দরদালান উঠছে, সেই দরদালানে উড়ছে পতাকার পর পতাকা, যার দু-তৃতীয়াংশই আর্জেন্টিনার। কেউ কেউ তো গোটা বাড়ির রংটাই করিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।
কেউ কেউ এমনও মন্তব্য করছেন: কাপ জিতুক আর না-ই জিতুক, আর্জেন্টিনা, আর্জেন্টিনাই। কারণ এ-যে ‘ম্যারাডোনার দেশ’। এখানেই মূল প্রাপ্তি, সব সত্যের মেলবন্ধন। গৌণ হয়ে পড়েছে ২৮ বছরের শিরোপা লাভের খরা।
গুণাগুণের বিচার করলে, ৯০ মিনিটের এই ময়দানি প্রশাসক দলের জন্য ছিলেন যতটা ‘ভোকাল টনিক’ সমর্থকদের জন্য ছিলেন কবিরাজি মালিশ: সেই স্পর্শ ম্যারাডোনাই দিয়েছেন, ততটা। কারও ব্র্যাকেটভুক্ত না হয়ে সে একাই এক শ, সুতরাং এক ম্যারাডোনা, একলা ম্যারাডোনা।
শত্রুর চোখেও সাংঘাতিক। কাপ জিতুক আর না-ই জিতুক, ম্যারাডোনার আর্জেন্টিনা আর্জেন্টিনাই। আফিম-নেশায় সত্য একটি দেশের নাম। ইতালি-জার্মানিকে টপকে এই জনপ্রিয়তার কোনো প্রতিদান আজও আসেনি।