কাপ-দুঃখ ভুলে বার্সা আবার লিগে
বার্সেলোনার কাপ-দুঃখ ভোলা, চেলসির আবার আশায় বুক বাঁধা আর এসি মিলানের শেষ দৌড়টা সাফল্যের সঙ্গে দেওয়া—ইউরোপের ফুটবলে বড় তিনটি লিগের আরেকটি সপ্তাহ আজ শুরু হচ্ছে এই তিনটি বিষয় নিয়েই।স্প্যানিশ লিগে নিজেদের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ আজ ওসাসুনা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি স্টামফোর্ড ব্রিজে আতিথ্য দেবে ওয়েস্টহামকে। মিলান ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার জন্য লড়তে যাবে ব্রেসিয়ার মাঠে।স্প্যানিশ লিগে বার্সেলোনার সর্বশেষ ম্যাচটি ছিল এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের সঙ্গে ধ্রুপদি সেই লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। গত বুধবার স্প্যানিশ কাপের ফাইনালে রিয়ালের কাছে ১-০ গোলে হেরেই গেছে কাতালানরা। তবে এ নিয়েই পড়ে থাকতে চায় না বার্সা। গার্দিওলা ওসাসুনার বিপক্ষে শিরোপার পথে ভাঙতে চান আরেকটা সিঁড়ি।ওসাসুনাকে বার্সা সর্বশেষ হারিয়েছে গত ডিসেম্বরে। তাদের মাঠে গিয়ে উড়িয়ে দিয়ে এসেছিল ৩-০ গোলে। ন্যু ক্যাম্পে এই ম্যাচেও এ রকম কিছু হবে বলেই ধারণা করছে অনেকেই। তবে গার্দিওলা সাবধান। বার্সা কোচ বেশি সতর্ক একটা কারণেই—রিয়ালের বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে ভালো ফল পায়নি বার্সা। ওদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের কাজটা গুছিয়ে রেখে চাইবে বার্সেলোনার অমঙ্গল। আজ ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় ভ্যালেন্সিয়ার সামনে দাঁড়াবে বার্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ। যেখানে মাত্রই তিন দিন আগে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে কিংস কাপের ফাইনালে।খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করতে নানা টোটকা দিয়ে যাচ্ছেন বার্সেলোনা কোচ গার্দিওলা। ‘জয়টা সব সময়ই ভালো। কিন্তু সব সময় তো আর জেতা যাবে না। এখন আমাদের চাঙা থাকতে হবে। ওসাসুনার বিপক্ষে ভালো খেলার জন্য তৈরি করতে হবে নিজেদের। আমার দলটি অনেক দিন ধরে একসঙ্গে খেলছে এবং খেলোয়াড়দের ওপর আমাদের আস্থা আছে’—বলেছেন গার্দিওলা।স্প্যানিশ লিগের এই ম্যাচটির পর আবার দুটি এল ক্লাসিকো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। গার্দিওলা তাঁর দলকে মানসিকভাবে প্রস্তুত করছেন সেই দুটি ম্যাচের জন্যও, ‘আমাদের লিগে আরও ছয়টি ম্যাচ আছে। যত দ্রুত পারি সবকিছু গুছিয়ে নিতে হবে। ওসাসুনা ম্যাচের পর অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিয়ে ভাবব আমরা।’ইংলিশ লিগে চেলসির ব্যাপারটা ভিন্ন। দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। তবে গত কয়েক রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের হোঁচট খাওয়ার ফলে আবার আশা জেগে উঠেছে চেলসির। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট শীর্ষ দল ম্যানইউর। ম্যানইউর হোঁচট শিরোপা জয়ের সুযোগ এনে দিতেই পারে চেলসিকে! তাই এখন থেকে প্রতিটি ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে নিচ্ছে ‘ব্লু’রা। সেই পাঁচ ফাইনালের প্রথমটি আজ।মিলানের ম্যাচটি অন্যের মাঠে হলেও প্রতিপক্ষ খুব সহজ—তালিকার ১৯ নম্বরে থাকা ব্রেসিয়া। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মিলান আজ জিতলে শিরোপার দিকে এগিয়ে যাবে আরেক ধাপ। এএফপি।