কাপ দেবেন সুপার মডেল?

প্রতিটি বিশ্বকাপে শিরোপা জয়ের অন্তিম লড়াই শেষে দৃশ্যপটটা থাকে একই রকম। স্যুট-টাই পরা কেতাদুরস্ত কোনো ভদ্রলোকের কাছ থেকে বিশ্বকাপ শিরোপা গ্রহণ করছেন বিজয়ী দলের অধিনায়ক।
আগের ১৯টি আসরেই দেখা গেছে প্রায় একই রকম চিত্র। তবে এবারের ব্রাজিল বিশ্বকাপে ভিন্ন কিছুও ঘটতে পারে। এবার শিরোপাজয়ী দলের অধিনায়ক বিশ্বকাপ ট্রফিটা নিতে পারেন লাস্যময়ী এক সুপারমডেলের হাত থেকে।
সাধারণত শিরোপাজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফিটা তুলে দেন আয়োজক দেশের গণ্যমান্য কেউ, কিংবা কোনো প্রশাসনিক প্রধান। কিন্তু সেই অঘোষিত নীতি এবার শিথিল করা হতে পারে। প্রেসিডেন্ট দিলমা রুসেফের বদলে বিজয়ী দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দিতে পারেন ব্রাজিলের সুপারমডেল জিসেল বুনশেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ বিব্রতকর অবস্থার মুখেই পড়তে হয়েছে রুসেফকে। তাঁর উদ্দেশে অকথ্য ভাষায় গালাগাল দিতে দেখা গেছে ব্রাজিলিয়ানদের। ফাইনালের পর শিরোপা বিতরণী অনুষ্ঠানেও যে তেমন কিছুই ঘটবে না, তার নিশ্চয়তা কোথায়? এ কথা মাথায় রেখেই বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে বিশ্বকাপ আয়োজকেরা।
ব্রাজিল যদি বিশ্বকাপ শিরোপা জিততে পারে, তাহলে হয়তো বিক্ষোভ-আন্দোলন কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারেন ব্রাজিলিয়ানরা। কিন্তু তেমনটা যদি না হয় তাহলে রুসেফ দুয়োধ্বনি এড়াতে পারবেন কি না, সন্দেহ আছে। সে ক্ষেত্রে সুপারমডেল বুনশেনই আদর্শ বিকল্প। ব্রাজিলীয় সুন্দরী বুনশেনকে আর যা-ই হোক, কোনো গালাগাল বা দুয়োধ্বনির মুখে পড়তে হবে না।