প্রতিশ্রুতি প্রতিবারই দেওয়া হয় এবং বেশির ভাগ সময়ই তা পূরণ হয় না। তবে এবার সেই প্রতিশ্রুতি একটু জোর গলায় দিয়ে যাচ্ছেন আনামুল হক। শুনে মনে হলো, প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাপ পর্বে খেলার লক্ষ্য আসলে একটা প্রতিজ্ঞা।অনূূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আজ রাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছাড়বে আনামুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। আগামী ১১ আগস্ট থেকে শুরু যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অন্য তিন দল শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। বিশ্বকাপের প্রথম দিনই বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে শ্রীলঙ্কা যুব দলের। বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে দুটি। ৭ আগস্ট স্কটল্যান্ড ও ৮ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারও আগে বাংলাদেশ ‘আনঅফিসিয়াল’ প্রস্তুতি ম্যাচও খেলবে দুটি—১ আগস্ট পাপুয়া নিউগিনি ও ৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি গত দুই বছর ধরেই নিচ্ছে বাংলাদেশ। দেশে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সঙ্গে টুর্নামেন্টের আগে চার-চারটি অনুশীলন ম্যাচ যোগ হওয়ায় বিশ্বকাপটা খুব ভালো প্রস্তুতি নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। অধিনায়ক আনামুলের চোখে তাই কাপ পর্বের স্বপ্ন। কাল সফর-পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘কাপ পর্বের জন্য আমাদের প্রতিবারই প্রস্তুতি থাকে। অনেক কারণে হয়তো লাক ফেবার করে না। এবার আশা করি করবে। বিশ্বকাপটাকে আমরা এবার অনেক সিরিয়াসলি নিয়েছি।’এ পর্যন্ত চারটা যুব বিশ্বকাপে খেলে বাংলাদেশ কাপ পর্বে খেলেছে কেবল ২০০৬ ও ২০০৮ সালে। ১৯৯৮, ২০০৪ ও ২০১০ সালে খেলতে হয়েছে প্লেট পর্বে। কাপে খেলার স্বপ্ন পূরণের জন্য দলের পেস বোলারদের দিকেই বেশি করে তাকিয়ে আছেন আনামুল, ‘টুকটাক ইনজুরি থাকলেও আমাদের পেস আক্রমণ খুবই ভালো। এ ছাড়া টপ অর্ডারেও ভালো ভালো ব্যাটসম্যান আছে, যারা বিপিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। এরাই আমাদের মূল শক্তি।’দলের সঙ্গে একটু দেরিতে যুক্ত হলেও কোচ সারোয়ার ইমরান অধিনায়কের মতোই আস্থা রাখছেন পেস বোলার ও টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপর। কাপ পর্বে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি, ‘কাপে খেলতে হলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে। এর পরও হয়তো নিশ্চিত হওয়া যাবে না কাপ পর্ব। শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার যেকোনো একটি দলকে হারালে সহজ হবে কাপ পর্বে খেলাটা।’