কাপওয়ালা কাউবয়ের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেলো হরিজন্তে থেকে সাও পাওলো, ফোর্তালেজা থেকে রিও ডি জেনিরো—পুরো ব্রাজিল তখন লোনা জলের স্রোতে প্লাবিত। জার্মান ‘বুলডোজারে’ রক্তাক্ত হচ্ছেন অস্কাররা। আর ক্যামেরা বারবার তাক করা হচ্ছে স্টেডিয়ামের অসহায়, বিমর্ষ, ক্রন্দনরত মুখগুলোর দিকে। হঠাৎ ক্যামেরায় গোঁফওয়ালা এক ব্যক্তি। সঙ্গে থাকা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাকে যক্ষের ধন ভেবে বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে রেখেছেন। যেন বিড়বিড় করে বলছেন, ‘আমি এটা কাউকে দেব না, কাউকেই না!’ কপাল কুঁচকে আছে, নয়নযুগল এই বুঝি অশ্রুবর্ষণ করবে! পুরো ব্রাজিলের অসহায়ত্ব, হতাশা, বিমর্ষ, অবিশ্বাস, চাপা আর্তনাদের প্রতীক হয়ে উঠলেন তিনি। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ল এই ছবি—তিনি পেলেন ব্রাজিলের সবচেয়ে দুঃখী সমর্থকের তকমা। আদতে তিনি ব্রাজিলের সেরা সমর্থকও। শুনবেন এই সুপার সমর্থকের গল্প? পরিচয়টা দিয়ে নিই—নাম তাঁর ক্লভিস একোস্তা ফার্নান্দেজ।
মাথায় ঐতিহ্যবাহী কাউবয় হ্যাট তাঁর সঙ্গী। সঙ্গী সেই ট্রফিও। এ জন্য গুয়াচো দা কোপা (কাপওয়ালা কাউবয়) নামেই বেশি পরিচিত তিনি। সেই ১৯৯০-এর বিশ্বকাপ থেকে শুরু। ব্রাজিল যেখানে, সেখানেই ছায়ার মতো সঙ্গী হয়ে থেকেছেন। ৭টি বিশ্বকাপ, ৬টি কোপা আমেরিকা, ৪টি কনফেডারেশনস কাপ এবং একটি অলিম্পিক—এমনকি বিশ্বজুড়ে ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পগুলোও বাদ পড়েনি! ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা কাফুর, ১৪২টি। কিন্তু তথ্যটিকে বাতিল মনে হবে, যখন জানবেন ফার্নান্দেজ ব্রাজিলের হয়ে ১৫৪টি ম্যাচ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন। এতটাই জনপ্রিয় তিনি, গত এপ্রিলে ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তাঁর একটি সাক্ষাৎকারও প্রচারিত হয়েছে।

.
.

নিজ মাটিতে ব্রাজিল অভিশপ্ত মারাকানার দুঃখমোচন করবে—এই প্রত্যাশায় বিশ্বকাপে পুরো ব্রাজিল চষে বেড়িয়েছেন। দুই ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিটি ম্যাচই স্টেডিয়ামে বসে দেখেছেন। সব ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, জার্মানির বিপক্ষে ম্যাচটিতে পাশার দান উল্টে গেল। জার্মানি গোল পেতে থাকল, ভ্রুকুটি কুঁচকাতে লাগল ফার্নান্দেজের। ১৯৯৪ আর ২০০২-এ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সাক্ষী ফার্নান্দেজের চোখেমুখে তখন অবিশ্বাস খেলা করছে, এ কী দেখছি আমি! ম্যাচ শেষে সঙ্গী ট্রফিটায় চুমু খেলেন। তারপর দিয়ে দিলেন এক জার্মান সমর্থককে। যেন বোঝাতে, ফাইনালে তুমিই নিয়ে যাও ট্রফিটা।
‘মিনেইরাওজো’র রেশ কাটিয়ে ওঠা বলতে গেলে অসম্ভব। তবে ওই যে চিরন্তন রূঢ় বাস্তবতা, জীবন থেমে থাকে না! ফার্নান্দেজকেও হয়তো দেখা যাবে ২০১৮ বিশ্বকাপে, রাশিয়ায়। ব্রাজিলের হয়ে গ্যালারিতে ‘মাঠ মাতাবেন’ তখনো।