কাপুগেদারার ‘গুডলাক কানের দুল’
‘শুভ জন্মদিন’...অপরিচিত একজনের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে চমকে উঠলেন। চোখে-মুখে স্পষ্ট বিস্ময়। ‘কোনো সারপ্রাইজ পেলেন?’ এবার চামারা কাপুগেদারার মুখে হাসি, ‘এই যে কানের দুল! আমার বউ দিয়েছে। এই দুল নাকি আমার আর দলের জন্য গুডলাক বয়ে আনবে। দেখা যাক...’এমন নয় যে ‘গুডলাক’ শ্রীলঙ্কার ভীষণ দরকার। সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত, বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কানাডাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শুরুটাও তারা করেছে ফেবারিটের মতো। কিন্তু ক্রিকেট খেলাটাই এমন, ভালো পারফরম্যান্সের সঙ্গে খানিকটা ভাগ্যের ছোঁয়া থাকাও জরুরি। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচে একটু বেশিই দরকার। পাকিস্তান কখন কী করে, তার যে কোনো ঠিক নেই!কাপুগেদারা অবশ্য ‘অননুমেয়’ পাকিস্তানকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তাঁর স্থির বিশ্বাস, জিতবে শ্রীলঙ্কাই, ‘সবাই বলছে পাকিস্তান বিপজ্জনক দল। সে তো তারা সব সময়ই ছিল! সব সময়ই বেশ কিছু ম্যাচ উইনার থাকে ওদের দলে। তবে আমরা ওসব ভাবছি না। চাই শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করতে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি আমরা জিতব।’পাকিস্তানের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে কেনিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। তবে পাকিস্তানের পেস আক্রমণটাই আলোচনায় বেশি। শোয়েব-গুল-রাজ্জাক-রিয়াজদের নিয়ে গড়া পেস আক্রমণ হুমকি হয়ে উঠতে পারে যেকোনো প্রতিপক্ষের জন্যই। শুনে যেন আঁতে ঘা লাগল কাপুগেদারার, বাউন্সারটার জবাব দিলেন দারুণ এক হুকে, ‘ওদের পেস আক্রমণ ভালো, কিন্তু আমাদের টপ অর্ডারও দুর্দান্ত। এই টপ অর্ডার যেকোনো বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারে। ভুলে যাবেন না সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা সিরিজ জিতে এসেছি।’আত্মবিশ্বাস বোঝা গেল তুঙ্গে। তবে কানের দুলের ‘গুডলাক’ বয়ে আনাটা শ্রীলঙ্কার জন্য যতটা না দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার কাপুগেদেরার নিজের জন্য। স্কুলের দিনগুলো থেকেই তিনি ‘ভবিষ্যৎ তারকা,’ বয়সভিত্তিক দলগুলোতে রানের বন্যা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যায় ১৮ বছর বয়সে। কিন্তু ৫ বছরের বেশি কাটিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, এখনো দলে জায়গাটাই পাকা করতে পারলেন না! অসম্ভব প্রতিভাবান কিন্তু খেয়ালি। সব ধরনের শটই আছে হাতে, কিন্তু বেশির ভাগ সময়ই এই শক্তির জায়গাটাই সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য। শুরুতে দারুণ কিছু শট খেলবেন, যখন মনে হবে বড় কিছু আসছে তাঁর ব্যাট থেকে, তখনই উইকেট ছুড়ে দিয়ে আসবেন কোনো খেয়ালি শটে। ৮৬ ওয়ানডে খেলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি, ফিফটি মাত্র সাতটি। গড়ও তাই মাত্র ২২.৫৩! তবু নির্বাচকেরা বারবার তাঁর ওপর আস্থা রেখেছেন, কারণ ওই প্রতিভা।সবাই জানে, জানেন কাপুগেদারা নিজেও। অভিযোগগুলো তাই মাথা পেতে নিলেন। আর জানালেন নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা, ‘আমি জানি, অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে মাত্রই ২৪ পূর্ণ হলো আমার, নিজেকে শোধরানোর অনেক সময় পড়ে আছে। জানি, আমার কাছে সবার অনেক প্রত্যাশা। কঠোর পরিশ্রম করছি, চেষ্টা করছি মনোযোগ বাড়াতে। দেশের মাটিতে বিশ্বকাপ খেলছি, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই বিশ্বকাপ দিয়েই দলে জায়গা পাকা করতে চাই। আশা করি, খুব শিগগির উন্নতি দেখবেন।’বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করে স্বপ্ন দেখছেন দেশের মাটির বিশ্বকাপ উপহার দেবেন দেশবাসীকে, ‘কিংবদন্তি’ মুত্তিয়া মুরালিধরনের বিদায়কে রাঙাবেন গর্বের রঙে। বড় একটা ভূমিকা নিতে হবে তাঁকেই। ব্যাটিং অর্ডারের ৫-৬ নম্বর জায়গাটাকে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার এই দলের একমাত্র দুর্বলতা। সেখানে যদি কাপুগেদারা থিতু হয়ে যান, মুশকিলই হবে শ্রীলঙ্কাকে আটকানো!