কাপের অর্থনীতি জটপ্রবণ ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাস্তায় ব্রাজিল-আর্জেন্টিনার খুদে সব পতাকা বিক্রি শুরু হয়েছে বেশ আগেই। অন্য বড় শহরগুলোর ছবিও একই রকম। ১২ জুন রাতে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এ দেশের গ্রামাঞ্চলেরও অনেক বাড়ির শীর্ষে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা উড়তে দেখা যাবে।
এর অর্থ এই নয়, আমাদের দেশটা ব্রাজিল বা আর্জেন্টিনা হয়ে যাবে। এটা শুধুই ফুটবল-আসক্তির এক অকাট্য প্রমাণ। তরুণ-তরুণীরা তাদের শয়নকক্ষের দেয়ালে প্রিয় তারকাদের ছবি টাঙিয়ে রাখে। ফুটবলপাগলদের প্রিয় দলের পতাকা-প্রেম একইভাবে দেখতে হবে। আমি গত বিশ্বকাপের সময় লন্ডনে থাকার সময় সীমিত আকারে হলেও রাস্তায় ও দোকানে নামী দলগুলোর পতাকা বিক্রি হতে দেখেছি।
এই পতাকা ব্যবসা জাতীয় উৎপাদনে কী পরিমাণ যোগ করছে, এ নিয়ে একটা সমীক্ষা হতে পারে। মাস দেড়-দুয়েকের জন্য হলেও শুধু জাতীয় উৎপাদন বৃদ্ধিই নয়, শতসহস্র মানুষ যার মধ্যে অনেক অনাহারের দ্বারপ্রান্তের শিশুও আছে, পতাকা বিক্রিতে বাড়তি কর্মসংস্থান করে নেয়। ব্রাজিল যে জার্সি পরে খেলবে, গণমাধ্যম জানাচ্ছে তা নাকি বাংলাদেশেই তৈরি।
এক অর্থনীতির বিশ্বে এই তো স্বাভাবিক। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কের টুইন টাওয়ারে ধ্বংসযজ্ঞের পরে যুক্তরাষ্ট্রে যখন দেশপ্রেম নতুনভাবে চাঙা, তখন সে দেশে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়; আর চীনের কারখানাগুলো সে ঘাটতির প্রায় পুরোটাই সামাল দেয়। দেশপ্রেম আর ফুটবল-প্রেম এভাবেই অর্থনীতিতেও অবদান রাখে। বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ফিফার পৃষ্ঠপোষক; এতে দুই পক্ষেরই লাভ। মাঠের চারপাশের বিলবোর্ডগুলো, যাদের আমরা টেলিভিশনে দেখি, তারা বাঁচিয়ে রাখে খেলাকে। একই সঙ্গে নিজেদেরও।
টিভিস্বত্ব থেকে আয় এবার আরও বাড়বে। ব্রাজিলের ব্যয় ১৪ বিলিয়ন মার্কিন ডলার; ফিফার আয় হচ্ছে চার বিলিয়ন। ব্রাজিল বিশ্বকাপ থেকে সরাসরি লাভের চিন্তা করছে না; কিন্তু ওদের প্রশাসকেরা বড় শহরগুলোর ভৌত অবকাঠামোর উন্নতিই টার্গেট করে আছেন। একটা নিরীক্ষা ফার্ম হিসাব করেছে, ২০১০-২০১৪ পর্বে ব্রাজিলে প্রতিবছর ৩৬ লাখ কাজ তৈরি হচ্ছে আর আয় হবে ৬৩.৪৮ বিলিয়ন ডলার। পূর্ত নির্মাণ, খাদ্য ও পানীয়, ব্যবসা সেবা, উপযোগ, তথ্যসেবা আর পর্যটন ও অতিথিসেবা খাত বিপুলভাবে এগিয়ে যাবে। এই চার বছরে ব্রাজিলে প্রায় ৩০ লাখ অতিরিক্ত পর্যটক আসার হিসাব হয়েছে। দুই বছর পরে ব্রাজিলে অলিম্পিক গেমস।
শিরোপাজয়ীরা পাবে ৩৫ মিলিয়ন ডলার। বাকি ৩১টি দল পাবে ৩২৩ মিলিয়ন ডলার থেকে ভাগ; দলীয় প্রস্তুতির জন্যও ৪৮ মিলিয়ন ডলার থেকে অংশ পাবে সবাই। বাজারে ছাড়া ৩০ লাখের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। অ্যাডিডাস, কোকাকোলা, এমিরেটস, হুন্দাই, সনি, ভিসা, বুডভাইজার, ক্যাস্ট্রোল, কন্টিনেন্টাল, জনসন অ্যান্ড জনসন, ম্যাকডোনাল্ডস-এর মতো কোম্পানিগুলো যেমন নিজেরা ব্যবসা করেছে, তেমনি গত চার বছরে ফিফার জন্য এক হাজার ২৩৫ মিলিয়ন ডলার জুগিয়েছে পৃষ্ঠপোষক হিসেবে। নিজ থেকে ব্রাজিলের পৃষ্ঠপোষকেরা এ পর্যন্ত জুটিয়েছে ১২০ মিলিয়ন ডলার। করপোরেট হসপিটালিটি বক্স আর লাইসেন্সকৃত পসরা থেকেও বিশাল অঙ্কের আয় আছে। ফিফার আয়ের ৭৫ শতাংশ ফুটবলে ফেরত আসে। একটা অংশ প্রায় আড়াই লাখ ডলার করে পায় আমাদের বাফুফেসহ ২০৯টি সদস্য ফেডারেশন।
বিশ্বকাপে যেমন একটা নিজস্ব অর্থনীতি সচল, তেমনি একটা সীমিত অর্থে ইতিহাসও তৈরি আছে। উরুগুইয়ানরা অবশ্য বলে, তাদের জাতীয় ইতিহাস বলতে তেমন কিছু নেই; আছে শুধুই ফুটবল। ওরা দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ১৫ বার দক্ষিণ আমেরিকার শিরোপাজয়ী। বিশ্বকাপের খেলার নিজস্ব ইতিহাস রবীন্দ্রনাথ-বর্ণিত ‘পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থার চেয়েও বেশি চমকপ্রদ-চিত্তাকর্ষক ও চিত্তদোমরানো।
এই ইতিহাসে জমে অছে বেশ কিছু জট (জিংক্স)। এবার তার কটা খুলবে, আগামী ৩১ দিনের ৬৪ খেলা তা জানান দিয়ে যাবে। একটা বহুবর্ণিত জট, আটলান্টিকের পশ্চিম পাড়ে অনুষ্ঠিত সাতটি আয়োজনের কোনোটিতেই কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ জেতেনি। এবার এই জট খোলার জন্য সম্ভবত ইতিহাসের সবচেয়ে মেধাসম্পন্ন ইউরোপীয় দলকে দেখবে আটলান্টিকের পশ্চিম পাড়—বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আছে যন্ত্রের মতো জার্মানি আর নিভৃতচারী ইতালি; দুটি দলই অত্যন্ত সমর্থ; এবং তাদের যে কারও বিশ্বকাপ জেতা বিস্ময়ের নয় মোটেই। এবারও যদি এ জট না খোলে, মেসি-নেইমার-সুয়ারেজদের কপাল ভালোই থেকে যাবে।
দ্বিতীয় জট কোনো কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন পরের বিশ্বকাপ জেতেনি। কনফেডারেশনস কাপের এ পর্যন্ত চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৯৯২), ডেনমার্ক (১৯৯৫), ব্রাজিল (১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৩), মেক্সিকো (১৯৯৯), ফ্রান্স (২০০১ ও ২০০৩)। ব্রাজিল বর্তমান কনফেডারেশনস কাপজয়ী। সুতরাং এ হিসাবে ২০১৪-তে বিশ্বকাপ তাদের জন্য অধরা হয়ে থাকবে?
স্পেন ২০০৮ ও ২০১২-এর ইউরোপীয় শিরোপা বাদেও ২০১০-এর বিশ্বকাপও জয়ী। এমন দুর্লভ মর্যাদা নিয়ে শীর্ষ বাছাই হওয়া অতীতে দেখা যায়নি। স্পেন জিতলে ইউরোপীয় কোনো দলের আটলান্টিকের ওপারে না জেতার খরাটা কাটবে। একই সঙ্গে কাটবে ১৯৩৪ ও ১৯৩৮ সালের ইতালি আর ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পরে এই প্রথম কোনো দলের পর পর দুবার বিশ্বকাপ না জেতার ৫২ বছর পুরোনো জট। আরেক জট ছিল কাপের প্রথম ৪০ বছর: ফাইনালে প্রথমে যারা গোল করত তারাই হারত। ১৯৭০-এর ফাইনালে ইতালির বিপেক্ষ পেলের গোল এই জট ভাঙে। প্রথমে গোল করেও ব্রাজিল জেতে।
ব্রাজিল অবশ্য এই তথ্যে ভরসা পেতে পারে যে ইতালি, জার্মানি আর ফ্রান্স দুবার করে বিশ্বকাপ আয়োজন করে একবার করে স্বগৃহে জিতেছে। ব্রাজিল যেহেতু ১৯৫০ সালে হেরেই বসে আছে, সুতরাং ২০১৪ সালের আয়োজক হিসেবে তাদের স্বগৃহে জেতার পালা।