কাফুর চোখে আফ্রিকার ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় পর্বে ওঠার সৌভাগ্য হয়নি আফ্রিকার পাওয়ার হাউস-খ্যাত ক্যামেরুন, নাইজেরিয়া, আইভরিকোস্ট ও আলজেরিয়ার। একমাত্র প্রতিনিধি হিসেবে আফ্রিকার পতাকা ওড়িয়ে যাচ্ছে ঘানা। আফ্রিকার ইতিহাসে প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠার প্রতীক্ষায় আছে তারা। ঘানার কথা না হয় বাদই দিলাম। কিন্তু পুরো আফ্রিকার ফুটবল নিয়ে আপনি কি ভাবছেন? কল্পনা করুন তো কেমন হবে আফ্রিকার ফুটবল ভবিষ্যত্। আপনার দৃষ্টিতে আফ্রিকার ভবিষ্যত্ উজ্জ্বল-অনুজ্জ্বল যা-ই হোক, ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু কিন্তু আফ্রিকার ফুটবল নিয়ে যথেষ্ট আশাবাদী। আফ্রিকার দেশগুলোর মধ্যে বিশ্বকাপ জয়ের বীজও দেখতে পাচ্ছেন তিনি।কাফুই একমাত্র ফুটবলার, যাঁর তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে আবার দুইবার শিরোপার মুখও দেখেছেন। নিজের অভিজ্ঞতা থেকেই কাফু রয়টার্সকে বলছেন, ‘আফ্রিকানরা যেভাবে খেলছে, তা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আফ্রিকার দেশ বিশ্বকাপ জয় করবে।’ প্রমাণ হিসেবে ঘানাকে উল্লেখ করে তিনি বলছেন, ঘানার কথাই ধরুন। দলটি এখন পর্যন্ত যা অর্জন করেছে, তাতে ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে আফ্রিকা।ব্রাজিলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা কাফু বলছেন, আফ্রিকার দেশগুলো এখন আর আগের মতো অবস্থায় নেই। তারা অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। আফ্রিকার অনেক খেলোয়াড়ই ইউরোপিয়ান ফুটবলে খেলেন। তাঁরা এখন তরুণদের জন্য আদর্শ।