কাফুর পাঠশালায় স্বপ্নের আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের শিশু-কিশোরদের স্বপ্ন দেখাচ্ছেন কাফু। এই কিংবদন্তি রাইটব্যাকের একাডেমিতে চলছে ফুটসাল, গ্যালারিতে দর্শক অভিভাবক ও খুদে ফুটবলাররা  ফাইল ছবি
ব্রাজিলের শিশু-কিশোরদের স্বপ্ন দেখাচ্ছেন কাফু। এই কিংবদন্তি রাইটব্যাকের একাডেমিতে চলছে ফুটসাল, গ্যালারিতে দর্শক অভিভাবক ও খুদে ফুটবলাররা ফাইল ছবি

সাও পাওলোর এক বস্তি এলাকা। যেখানে একচিলতে জায়গায় গাদাগাদি করে আছে অজস্র মানুষ। দারিদ্র্য চোখ রাঙায় প্রতিনিয়ত, খুন-লুটতরাজ একবারেই আটপৌরে ঘটনা। বিখ্যাত সিটি অব গড চলচ্চিত্রে অনেকেই এসব দেখেছেন। কিন্তু পঙ্কে যেমন পদ্মফুল হয়, ছাই ঘাঁটলে যেমন বেরিয়ে আসতে পারে অমূল্য রত্ন, তেমনি এসব বস্তিতেও হয়তো বোনা আছে অনেক সম্ভাবনার বীজ। সেই সম্ভাবনার নাম ফুটবল।
শনিবারের রোদেলা সকাল। সাও পাওলোর জার্দিম আইরিন বস্তিতে চর্মগোলকে বুঁদ হয়ে আছে ১১ বছর বয়সী গ্যাব্রিয়েল সোয়ারেস। চোখে স্বপ্ন, একদিন খেলতে হবে মারাকানায়। সোয়ারেসের মতো অনেক শিশু-কিশোরই এখন স্বপ্ন দেখে রোনালদিনহো, কাকাদের মতো হওয়ার। এদের চোখে এই স্বপ্ন বুনে দিয়েছেন কে জানেন? ব্রাজিল কিংবদন্তি কাফু। এই নামের পাশে হারিয়ে গেছে যাঁর পোশাকি নাম মার্কোস ইভানজেলিস্তা ডি মোরায়েস।
কাফু নিজেও উঠে এসেছেন সাও পাওলোর বস্তি থেকেই। সেই কাফু পরে মাতিয়েছেন বিশ্ব, টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে পেয়ে গেছেন অমরত্ব। কিন্তু সাবেক এই ডিফেন্ডার পেছনের জীবনটাকে ভোলেননি। সে জন্যই একটা ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যেখানে ফুটবলের পাঠ নেয় তিন থেকে ১৭ বছর বয়সী ৭৫০ জন শিক্ষার্থী।
সেই ২০০৪ সালে চালু হয়েছিল এই একাডেমি। চারাগাছ থেকে একাডেমিটি এখন বিশাল এক বৃক্ষ। এখানকার ছাত্ররা করিন্থিয়ানসেরও মতো দলেও খেলেছে। প্রতি শনিবার ছাত্ররা নিজেদের মধ্যে ম্যাচ খেলে। অনেকের মতো সোয়ারেসও সেটার জন্য অপেক্ষা করে তৃষিত নয়নে, ‘প্রতি সপ্তাহেই আমি অধীর হয়ে অপেক্ষা করি কখন শনিবার আসবে।’ মাঠের বাইরে ছেলের ফুটবল সাধনার দর্শক বাবা এডমার সোয়ারেসের কথা শুনুন, ‘সে ফুটবল ভালোবাসে। প্রতিদিন সে ক্লাসে, নিজের কক্ষে, করিডরে যেখানেই সুযোগ পায় ফুটবল খেলে।’
নিকোলাস ডা সিলভার বয়স ১১। একেবারেই পলকা গড়ন। উজ্জ্বল চোখজোড়ায় অবশ্য প্রতিজ্ঞার অভাব নেই। ফুটবলের পাশাপাশি এখানে ভাষা শিক্ষাও নেয় নিকোলাস। কারণটা শুনুন তার মুখেই, ‘এখানে আমি ইংরেজিও শিখি। কারণ বিখ্যাত হলে আমাকে তো অন্য ভাষায়ও কথা বলতে হবে।’ ১২ বছর বয়সী গোলরক্ষক অ্যালান সান্তানার স্বপ্নটাও বড়। সে খেলতে চায় ইতালিতে।
কাফুর পাঠশালাটি অবৈতনিক। ফুটবলের পাশাপাশি ইংরেজি, সংগীত, কম্পিউটার, নাচ ও কাপোয়েরা (ব্রাজিলের মার্শাল আর্ট) শেখানো হয় এখানে। বার্ষিক বাজেট এখন ৩ লাখ ৩০ হাজার ডলার। কাফু জানিয়েছেন, সামাজিক সম্পৃক্ততা বাড়ানোও এই ফাউন্ডেশনের লক্ষ্য।
এসব শিশু-কিশোরের কাছে কাফু পেলে, মেসির মতো অমর্ত্যলোকের নায়ক। জীবনের রুদ্ররূপ যারা দেখেছে এই বয়সেই, তাদের স্বপ্ন দেখানোর জন্য এই শ্রদ্ধার ফুল তো কাফুর প্রাপ্যই! এএফপি।