কাবাডি কোর্টে পুলিশ, ফেডারেশনে তালা
গতকাল শুরু হওয়ার কথা ছিল জাতীয় কাবাডি। কিন্তু সকালে পল্টনের কাবাডি কোর্টে গিয়ে দেখেন একদল পুলিশ বসে আছে। ফেডারেশনেও তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ! ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান কাবাডি খেলোয়াড়েরা।
ফেডারেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল বলেছেন, ‘পুলিশের আইজি (মহাপরিদর্শক) স্যার কাবাডির বর্তমান কমিটির সভাপতি। তিনি ফেডারেশন কর্মকর্তাদের বিভিন্ন সময়ের দুর্নীতি আর অনিয়মে বিরক্ত হয়েই ফেডারেশনে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ তোলেন খেলোয়াড় ও সার্ভিসেস দলের কর্মকর্তারা। তাঁদের অভিযোগ, মোটেও গঠনতন্ত্র অনুযায়ী চলছে না ফেডারেশনের কর্মকাণ্ড। জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে দল পাঠানোর বাজেটেও নাকি আর্থিক অনিয়ম পাওয়া গেছে। দল নির্বাচনে নেই কোনো স্বচ্ছতা। ফেডারেশনের কর্মকর্তারাই বারবার মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন, এতে খেলার ফলাফলেও প্রভাব পড়ছে।
এসব অনিয়ম ও অভিযোগ সম্পর্কে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘নিরাপত্তার কারণে আপাতত খেলা স্থগিত করা হয়েছে এবং ফেডারেশনে পুলিশ নিয়োজিত করা হয়েছে।’