কাবাডি খেলোয়াড় নিয়ে টানাটানি
খেলা শুরুর আগেই খেলোয়াড় নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ফুটবল বা ক্রিকেটে নয়, ঘটনাটা কাবাডির।১৭ সেপ্টেম্বর ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে জাতীয় মহিলা কাবাডি। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে গিয়েই বিপত্তিতে পড়েছে বিজেএমসি। এমনিতেই খেলোয়াড়-সংকটের কারণে ভালো দল গড়তে পারছে না দেশের ঐতিহ্যবাহী পুরোনো এ সংস্থাটি। কিন্তু চারজন জাতীয় দলের খেলোয়াড়কে পেয়েও হারাতে হচ্ছে তাঁদের।সংস্থাটির ক্রীড়া কর্মকর্তা আবদুল কুদ্দুসের দাবি শারমিন সুলতানা, রূপালী আক্তার, জুহি চাকমা ও হেনা আক্তারকে চাপ প্রয়োগ করে আনসারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নাকি টাকার প্রলোভন দেখিয়ে আনসারে খেলতে বলা হচ্ছে। অথচ আগেই তাঁদের চাকরি দেওয়া হয়েছে বিজেএমসিতে। কুদ্দুসের অনুযোগ, ‘এভাবে যদি আনসার আমাদের খেলোয়াড় নিয়ে যায় তাহলে আমরা ভালো দল গড়ব কীভাবে?’ তাঁর দাবি শারমীনকে খুলনা ক্রিসেন্ট জুট মিলে, রূপালীকে ঢাকা লতিফ বাওয়ানি জুট মিলে, জুহিকে চট্টগ্রাম আমিন জুট মিলে ও হেনাকে খুলনা প্লাটিনাম জুট মিলে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু রূপালী বিষয়টি স্বীকার করেননি, ‘আমরা বিজেএমসিতে যাইনি। আনসারেই খেলব বলে সিদ্ধান্ত নিয়েছি।’ আনসারের কর্মকর্তা এস আলম জানালেন, ‘আমরা কারোর কাছ থেকে কোনো খেলোয়াড় ছিনিয়ে নিইনি। প্রত্যেককে জিজ্ঞাসা করেই আনসারে নেওয়া হয়েছে। তার পরও যদি কোনো সন্দেহ হয় তাহলে দুই সংস্থার কর্মকর্তাদের মুখোমুখি করিয়ে বিষয়টার সমাধান করা হবে।’