কাবাডি দল দিশেহারা, গন্তব্যহীন!
নভেম্বরে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়াদল। ১৯৯০ সালের পর থেকে এই গেমসে পদকতালিকায় বাংলাদেশের নাম উঠছে কাবাডি দলের সৌজন্যে। এ পর্যন্ত পাঁচবার অংশ নিয়ে তিনবার রুপা ও দুবার ব্রোঞ্জ জিতেছে কাবাডি দল। সর্বশেষ ২০০২ সালে কাতার থেকে এসেছে ব্রোঞ্জ। কিন্তু এবার ব্রোঞ্জ জয়ই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের কাছে!কাবাডিতে সব সময়ই ভারত সেরা। একসময় পাকিস্তান সমীহ করত বাংলাদেশকে, এখন উল্টো হয়ে গেছে ব্যাপারটা। ইরানও যথেষ্ট সমীহ জাগানোর মতো দল হয়ে গেছে। উঠে আসছে জাপান। কিন্তু আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছে বাংলাদেশ কাবাডি দল।এর বড় কারণ, বাংলাদেশ কাবাডি দলের শক্তি অনেক কমে গেছে। গত এশিয়ান গেমসের বেশির ভাগ খেলোয়াড়ই নেই বর্তমান দলে। দলের বড় ভরসার নাম জিয়াউর রহমান অনেক দিন ধরে চোটের কারণে দলের বাইরে। জিয়ার দাবি, বর্তমানে তিনি সুস্থ। কিন্তু তাঁর মতো খেলোয়াড়কে দলের বাইরে রাখার বিলাসিতা দেখাচ্ছে কাবাডি ফেডারেশন। দলের আরেক বড় নাম কামাল হোসেন এশিয়াডে খেলছেন না, তিনি হজ করতে যাবেন। আরেক খেলোয়াড় ওমর ফারুক জাতিসংঘ মিশনে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সদস্য সাদেক হোসেনকে দলেই নেওয়া হয়নি। সেনাবাহিনীর এনামুল হককে প্রাথমিক দলে রাখা হলেও ব্যক্তিগত কারণে তিনি ক্যাম্পে যোগ দেননি। গত এশিয়াডে খেলা মিজান, ইউনুসও কাবাডি থেকে দূরে সরিয়ে রেখেছেন নিজেদের। বিডিআর বিদ্রোহ বড় একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী জাতীয় চ্যাম্পিয়ন বিডিআর দলের মধ্যে। দলটি এখন এলোমেলো হয়ে গেছে অনেকটাই। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন ছাড়া পেয়েছেন ঈদের দুই দিন আগে। সব মিলিয়ে জাতীয় কাবাডি দলের আগের চেহারা আর নেই।নতুন দল নিয়ে আশাবাদী হতে পারছেন না খেলোয়াড়েরা। কামাল যেমন বললেন, ‘কাতারে আমরা রুপা খুইয়ে এসেছিলাম। এবার কী হবে জানি না!’ নতুন কোচ আবদুল হকও খুব একটা আশাবাদী নন, ‘আমরা সোনা জিততে পারব না। এশিয়াডে রুপাই আমাদের লক্ষ্য। তবে রুপা জয়ও অনেক কঠিন হয়ে পড়েছে। আসলে ব্রোঞ্জই এখন আমাদের ভরসা।’কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেনের দাবি, ‘এবার আমরা নির্বাচক কমিটি করেছিলাম। তারাই দল নির্বাচন করেছে। এ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই।’কাবাডিতে বাংলাদেশের এত দিনের সব সাফল্যের অন্যতম নায়ক পরীক্ষিত কোচ আবদুল জলিলকে এবার দলের সঙ্গে রাখা হয়নি। দল নির্বাচন নিয়েও আছে অনেক অভিযোগ। দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে দলটাকে আবার দাঁড় করানোর চেষ্টাও দৃশ্যমান নয়। এই কাবাডি দল দিশেহারা, গন্তব্যহীন!