কাবাডি লিগে সেরা সেই রাইফেলস
১৯৯২ সালে শুরু প্রিমিয়ার কাবাডি লিগে একক আধিপত্য আগেই প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ রাইফেলস। সাম্প্রতিক সময়ে শক্তি কিছুটা খর্ব হলেও রাইফেলস তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে এবারও। ১২টি লিগে ১১ বারই চ্যাম্পিয়ন রাইফেলস।গত বছর লিগ হয়নি। এবার খেলা হলো ১৩টি দল নিয়ে। কাল কাবাডি স্টেডিয়ামে সুপার ফোরের শিরোপা নির্ধারণী ম্যাচে পুলিশের বিপক্ষে রাইফেলসের জয় ১ পয়েন্টে (২৪-২৩)। পূবালী ব্যাংক প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রাইফেলসের সুপার লিগে পয়েন্ট ৬। রাইফেলস একবারই শুধু জিততে পারেনি শিরোপা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয় পুলিশ। ২০০৩ সাল থেকে পুলিশই ছিল রানার্সআপ। এবার অবশ্য রানার্সআপ সেনাবাহিনী। কাল শেষ ম্যাচে নৌবাহিনীকে হারিয়ে সুপার ফোরে ৪ পয়েন্ট পেয়েছে দলটি।বিডিআর বিদ্রোহের পর নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাইফেলস ক্রীড়া দল। তার মধ্যে কাবাডি দলই বেশি সমস্যায় ভুগেছে। গতবারের চেয়ে এবারের দলে নতুন খেলোয়াড় বেশি ছিলেন ছয়জন। জাতীয় দলের অধিনায়ক জিয়াউর রহমান এই দলের মূল খেলোয়াড়। বছরখানেক আগে ইনজুরিতে পড়া জিয়া খানিক সুস্থ হয়ে কাল কিছুক্ষণের জন্য কোর্টে নেমেছিলেন। দল শিরোপা জিতলেও তাঁর মুখে অবশ্য হাসি ছিল না। ভবিষ্যৎ যে এখনো অনিশ্চিত।