কাবাডি-স্বপ্নের সমাধি
মাত্র তো ৪০ মিনিটের ম্যাচ। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের মুখগুলো দেখে মনে হলো যেন অনন্তকাল ধরে খেলে আসছে তাঁরা! বাংলাদেশ পুরুষ কাবাডি দলের ওই মুখগুলো ম্লান হয়েছিল আসলে পরাজয়ের গ্লানিতে। একটু আগেই পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশের পুরুষ কাবাডি দল।১৭ পয়েন্টের হার। পরাজয়ের ব্যবধান কম বলেই হতাশার পরিমাণটা বেশি। কোচ আবদুল জলিল ম্যাচ শেষে শোনালেন সেই হতাশার কথাই, ‘এত কাছে গিয়েও পারলাম না। এ জন্য আরও বেশি খারাপ লাগছে। ছেলেরা খুব কষ্ট পেয়েছে।’খেলোয়াড়দের কষ্টের কথা বললেন। নিজে কষ্ট পাননি জলিল? শুনুন তাঁর কণ্ঠেই, ‘ভারতের চেয়ে আমরা একটু পিছিয়েই। পাকিস্তানের বিপক্ষে জিতে রুপাটা নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গেও লড়াই করার কথা ভাবতে পারতাম। কিন্তু হলো না...!’এত কাছে গিয়েও রুপা হাত ফসকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রথমে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার পার্থক্যের কথা বললেন কোচ। এরপর অভিযোগ তুললেন আম্পায়ারিং নিয়েও, ‘আসলে কৌশলে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। কিন্তু মানসিক ও শারীরিক দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। আর আম্পায়ারের কিছু সিদ্ধান্তও আমাদের বিপক্ষে গেছে।’ তবে কোচ জলিল মনে করেন, দলে জিয়াউর রহমান থাকলে ম্যাচটা অন্য রকমও হতে পারত, ‘এ রকম ক্লোজ ম্যাচ জয়ের জন্য ভালো একজন আক্রমণাত্মক রেইডার প্রয়োজন। জিয়া থাকলে তো সেটা আমাদের থাকতই। শেষ সময়ে তাহলে আমরা আরও আক্রমণাত্মক খেলতে পারতাম।’কাল হেরেছে মহিলা কাবাডি দলও। ফেবারিট ভারতের কাছে ২০-৩৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে ফাইনালের পোশাকি মহড়ায় খারাপ খেলেনি বাংলাদেশ। ২-২৬ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনে তারা। ভারত দুই অর্ধে দুটি করে মোট চারটি লোনা পেলেও বাংলাদেশ কোনো লোনা পায়নি।