কাবাডিতে জিয়াদের চ্যালেঞ্জ
সবার হাতে ইনচন এশিয়ান গেমসের লোগোওয়ালা ব্লেজার। কোর্ট পিন, স্যুট, লাগেজ। বিওএ থেকে পাওয়া জিনিসগুলো কাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ডরমিটরিতে থাকা খেলোয়াড়দের হাতে তুলে দিলেন কাবাডি কোচ আবদুল জলিল। এশিয়ান গেমসে খেলতে ২৪ সেপ্টেম্বর ইনচন রওনা হচ্ছে কাবাডি দল। জিনিসগুলো পেয়ে বেশ উজ্জীবিত দেখাল খেলোয়াড়দের।
এশিয়ান গেমসে এ পর্যন্ত পাওয়া ৯ পদকের ৬টিই এসেছে কাবাডি থেকে। শুধু ১৯৮৬ সিউল গেমস থেকে বক্সিংয়ে ব্রোঞ্জ এনেছিলেন মোশাররফ হোসেন। আর গতবারের গুয়াংজু গেমসের ক্রিকেটে সোনা জিতেছে ছেলেরা ও মেয়েরা রুপা। গতবার পুরুষ দল কাবাডিতে পদক পায়নি, কোরিয়াকে হারিয়ে নারী দল জেতে ব্রোঞ্জ।
এবার ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে পুরুষ দল। মেয়েদের গ্রুপে ভারত ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া। কোরিয়াকে হারালেই ব্রোঞ্জটা ধরে রাখতে পারবে বাংলাদেশ। কিন্তু পুরুষ দলের চ্যালেঞ্জটাই বড়।
গত এশিয়ান গেমসের পর পুরুষ জাতীয় দল আর গঠনই করা হয়নি। এবার নতুন মুখ ছয়জন—সাজিদ, মাসুদ, আশরাফুল, জাকির, ফারুক, কামাল। পুরোনোদের মধ্যে আছেন মুসা, টিপু, আরদুজ্জামান, মাফতুন ও জিয়াউর।
একে তো কঠিন গ্রুপ, এর ওপর ভালো প্রস্তুতিও হয়নি। ১৭ মে অগোছালোভাবে শুরু হয় অনাবাসিক ক্যাম্প। জুনে আবাসিক ক্যাম্প শুরু হলেও ২২ দিনের জন্য ঈদের ছুটিতে চলে যান খেলোয়াড়েরা। কয়েকজন খেলোয়াড় ২০ দিনের জন্য সার্ভিসেস টুর্নামেন্টে খেলতে চলে যান ক্যাম্প থেকে। দুজন খেলতে গিয়েছিলেন ভারতে প্রো-কাবাডি লিগে। অতিরিক্ত তালিকায় থাকা দুজন সুযোগ পাবেন না ধরে নিয়ে ক্যাম্পেই যোগ দেননি। অনুশীলন নিয়ে তাই সন্তুষ্ট নন জলিল, ‘এমন বড় প্রতিযোগিতার জন্য এই সময়টা মোটেও যথেষ্ট নয়।’ পশ্চিমবঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করার কথা ছিল ফেডারেশনের। কিন্তু সেটা পারেনি। তবে এসবের পরও সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছেন দেশের কাবাডিতে অনেক সাফল্যের কারিগর, ‘একটা দল চার বছর ধরে খেলেনি। অথচ এতবড় আসরে খেলতে যাচ্ছি কোনো পরীক্ষা না দিয়েই। তার পরও ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা একটা সারপ্রাইজ দিতে চাই।’
প্রো-কাবাডি খেলে ক্যাম্পে যোগ দিয়েছেন জিয়াউর রহমান ও আরদুজ্জামান। প্রো-কাবাডির অনুশীলন ম্যাচে চোট পাওয়া জিয়া এখন অনেকটা ফিট। কাল বললেন, ‘চিকিৎসকের পরামর্শমতো চলছি। প্রচুর ব্যায়াম করছি। আশা করি খেলতে পারব।’
মেয়েদের দলেরও একই অবস্থা। স্বাগতিক কোরিয়া যেখানে মুম্বাই, বিশাখাপত্তনমে ভারতীয় কোচের অধীনে অনুশীলন করেছে, প্রস্তুতি ম্যাচ খেলেছে, বাংলাদেশ কোনো অনুশীলন ম্যাচই খেলেনি। তবু কোচ সুবিমল চন্দ্রের লক্ষ্য ব্রোঞ্জ ধরে রাখা, ‘কোরিয়াকে হারাতে পারলে ব্রোঞ্জ নিশ্চিত। সেটাই ধরে রাখতে চাই।’ কিন্তু চাইলেও তা সম্ভব হবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। দলের বড় ভরসা কচি রানী মণ্ডল অন্তঃসত্ত্বা। বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। তাঁর বদলে ইনচনে নেওয়ার চেষ্টা চলছে শিলা আক্তারকে।