কাবাডিতে দুই ভারতীয় কোচ
এসএ গেমসের জন্য ভারতীয় কোচ আনার প্রচেষ্টাটা কাবাডি ফেডারেশনের অনেক দিনের। কিন্তু অভিজ্ঞ কোচ না পাওয়ায় অপেক্ষার পালা ফুরোচ্ছিলই না। এবার পুরুষ কাবাডি দলের জন্য একজন অভিজ্ঞ কোচ পেয়েছে ফেডারেশন—ভারতের ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার সাবেক কোচ জগমোহন কিলারু। তিনিই দায়িত্ব নেবেন বাংলাদেশ দলের। কোচ হিসেবে তিনি সর্বশেষ কাজ করেছেন প্রো-কাবাডির দল তেলেগু টাইটানসের সঙ্গে।
মহিলা দলের সহকারী কোচ হিসেবে আনা হচ্ছে ভারতের বলবিন্দর কৌরকে। কোচিংয়ে তেমন অভিজ্ঞতা নেই তাঁর, তবে খেলেছেন ভারতের জাতীয় দলে। বর্তমানে মহিলা দলের দায়িত্বে আছেন আবদুল জলিল এবং তাঁর সহোদর জিয়াউর রহমান। এই দুজনের ওপরই আস্থা রেখেছে ফেডারেশন। এঁদের সঙ্গেই কাজ করবেন বলবিন্দর।
এসএ গেমসের কাবাডি দলের ট্রেনিং ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘আশা করি পূজার ছুটির পরই ওঁরা ঢাকায় চলে আসবেন। বাংলাদেশকে ফাইনালে তুলতে সম্ভাব্য সবকিছুই করব আমরা।’