কাবাডিতে ফোরামের আশীর্বাদপুষ্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের ফোরামের ‘আশীর্বাদপুষ্ট’ নির্বাচন দেখল কাবাডি ফেডারেশন। গত ৩১ মে দাবায় ভোটাভুটি হলেও কাবাডিতে ভোট পর্যন্ত যাওয়া লাগেনি। এটি একেবারেই সমঝোতার নির্বাচন। ২৪ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম। গত পরশু জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে নজরুল ইসলামের একক পরিষদকে নির্বাচিত ঘোষণা করে। ২০০৯ সালের নভেম্বরে ঘোষিত সর্বশেষ অস্থায়ী কমিটির আগে নজরুল ইসলাম ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্বে।জানা গেছে, সমঝোতা হয়েছে নজরুল-সমর্থিত পরিষদ এবং অস্থায়ী কমিটির সাধারণ সম্পাদক মুনীর হোসেনের মধ্যে। অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর কাবাডিতে সেভাবে সাফল্য আনতে পারেনি মুনীর হোসেনের কমিটি। ফোরামের ‘আশীর্বাদে’ নজরুল ইসলামের পরিষদেরই তাই জয়ের সম্ভাবনা বেশি ছিল। শেষ পর্যন্ত সমঝোতায় সম্মত হন তিনি। মুনীর হোসেনকে দেওয়া হয়েছে সহসভাপতির পদ। আর তাঁর জামাতা মাহফুজ খানকে করা হয়েছে যুগ্ম সম্পাদক (২)। আরেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সর্বশেষ কমিটিতেও একই পদে ছিলেন। নতুন এসেছেন সহসভাপতি নিজামউদ্দিন চৌধুরী, সদস্য কামাল উদ্দিন খান, ফখরুজ্জামান, এ কে এম ফারুক, মালেকা পারভীন, সৈয়দ তরিকুল ইসলাম ও হান্নান মল্লিক। জাতীয় মহিলা কাবাডি দলের সাবেক অধিনায়ক মালেকাকে নতুন কমিটির সদস্য করা হবে—এই প্রতিশ্রুতি দিয়েই তাঁকে মানিকগঞ্জ থেকে কাউন্সিলর করা হয়। সাবেক মহিলা কাবাডি খেলোয়াড় রেহানা পারভীনও সদস্য হিসেবে আছেন নতুন কমিটিতে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারই সরকার মনোনীত সভাপতি।