কাবাডিতে বাইলজকে বুড়ো আঙুল
নড়াইল থেকে এসেছেন সুমি, সোমা। সাতক্ষীরা থেকে টুম্পা, সালমা ও রওশন আরা। মিজান এডিবল অয়েল মহিলা কাবাডি খেলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এঁরা। কাল দিনের খেলা শেষে তাঁদের মধ্যে কোনো আনন্দ-উচ্ছ্বাস চোখে পড়ল না। বিভিন্ন জেলার কর্মকর্তাদের মধ্যে তো ক্ষোভই দেখা গেল। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এরপর পাওয়া গেল শুধু অভিযোগ।রাজশাহীর কোচ হাবিবুর রহমানের দাবি, ‘বাইলজ লঙ্ঘন করে এখানে খেলা হচ্ছে।’ বাইলজের ৬ নম্বর ধারায় আছে, যেকোনো দলে সর্বোচ্চ তিনজন জাতীয় দলের খেলোয়াড় খেলতে পারবেন। কিন্তু আনসারের ১০ জন খেলোয়াড় জাতীয় দলের। সাতক্ষীরার কোচ আকবর আলীরও একই অভিযোগ, ‘ফেডারেশন আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। একই টুর্নামেন্টে দুই রকম নিয়ম তো চলতে পারে না।’ কাল সকালে টুর্নামেন্ট উদ্বোধনের পর তাঁরা মৌখিকভাবেও অভিযোগ করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মুনীর হোসেনের কাছে। ম্যানেজারদের সভায় তুমুল বাগিবতণ্ডাও হয়েছে এই নিয়ে। বাইলজের ব্যাপারটি তুলতেই মুনীর হোসেন বললেন, ‘যদি একটা দলে ১০ জন জাতীয় খেলোয়াড় থাকে সে তো তাদের কৃতিত্ব। এ ক্ষেত্রে আমাদের কী করার আছে?’ তাহলে বাইলজ? ‘এটা ভুল। আগের বাইলজই ভুল করে এবারও দেওয়া হয়েছে’—ভুলটাও স্বীকার করে নিলেন তিনি। আনসারের কোচ ও অধিনায়ক মালেকা বেগম জানান, ‘আমাদের দলই গড়া হয়েছে এভাবে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। সাতজনকে বাদ দিলে তো কোনো খেলোয়াড়ই থাকে না আমাদের।’১২টি দলের অংশ নেওয়ার কথা থাকলেও খেলতে আসেনি রাঙামাটি, ফরিদপুর, মাগুরা ও টাঙ্গাইল। রাজশাহীর কোচ হাবিবুর বললেন, ‘ঢাকা আসার টিকিট পাচ্ছিলাম না বলে দেরিতে এসে পৌঁছেছি। আজ এসেই কোর্টে নামতে হয়েছে। ফেডারেশন চাইলে তো খেলাটা পিছিয়ে নিতে পারত।’ মুনীর হোসেন জানালেন, ‘হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে। আমরা বিষয়টা বুঝতে পারিনি।’বাংলাদেশ এডিবল অয়েলের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছে ফেডারেশন। কিন্তু এমন একটি জাতীয় টুর্নামেন্টে জার্সি, কেডস কিছুই দেওয়া হয়নি বলে অসন্তুষ্ট খেলোয়াড়েরা।অগোছালো ও অপরিকল্পিত আয়োজন। ওদিকে কোর্টে প্রথম দিনেই ঘটেছে বড় অঘটন। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ১৬-৪৬ পয়েন্টে হেরেছে গাজীপুরের কাছে। অন্য খেলায় বিজেএমসি ৩১-৯ পয়েন্টে সাতক্ষীরাকে, নড়াইল ১৫-২৯ পয়েন্টে কুড়িগ্রাম ও ১২-৩৯ পয়েন্টে আনসারের কাছে হেরেছে।