কাবাডিতে বিজেএমসির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন বিজেএমসির মেয়েদের উল্লাস। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে l প্রথম আলো
মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন বিজেএমসির মেয়েদের উল্লাস। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেঁদে ফেললেন ফাতেমা আক্তার শিলা। সতীর্থদের কেউ একজন তাঁর কোলে তুলে দিলেন দেড় বছর বয়সী ছেলে আবদুল নাফিকে। ছেলেকে জড়িয়ে ধরে শিলার সেকি কান্না! এই কান্না আবেগের। এই কান্না আনন্দের। এই কান্নার পেছনে রয়েছে কষ্টের একটা গল্প।
জাতীয় মহিলা কাবাডির চ্যাম্পিয়ন হওয়ার দিনে সেই কষ্টের দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিল শিলার। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে মহিলা কাবাডির ফাইনালে স্নায়ুক্ষয়ী এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। আনসার কখনো এগিয়ে গেছে তো পরের রেইডেই সমতায় ফিরিয়েছে বিজেএমসি। শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ পর্যন্ত ১৩-১২ পয়েন্টে আনসারকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল বিজেএমসি। তিন বছর আগে সর্বশেষ বাংলাদেশ গেমসেও তারাই চ্যাম্পিয়ন।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ছেলে নাফিকে কোলে তুলে নিলেন ফাইনালের সেরা খেলোয়াড় ফাতেমা আক্তার শিলা l প্রথম আলো
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ছেলে নাফিকে কোলে তুলে নিলেন ফাইনালের সেরা খেলোয়াড় ফাতেমা আক্তার শিলা l প্রথম আলো

সতীর্থরা যখন উৎসবে মেতে উঠেছিলেন, শিলা শোনাচ্ছিলেন তাঁর দুঃখের কাহিনি, ‘সন্তানসম্ভবা হওয়ার শুরুর দিকে দুই-আড়াই মাস পর্যন্ত নিয়মিত অনুশীলন করেছি। আবার ছেলে হওয়ার দুই মাসের মধ্যেই ম্যাটে নেমেছি। আজ চ্যাম্পিয়ন হয়ে তাই নিজেকে ধরে রাখতে পারিনি।’
জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য নিয়মিত ম্যাটে অনুশীলন করতে পারেননি বিজেএমসির খেলোয়াড়েরা। মাত্র দুই দিন অনুশীলন করেছেন। এ জন্যই কোচ সুবিমল চন্দ্র তাঁর মেয়েদের প্রশংসা করলেন উচ্চকণ্ঠে, ‘ওরা অনেক কঠোর অনুশীলন করেছে। এই কষ্টেরই সুফল পেল মেয়েরা।’
দুই দলেরই শক্তির জায়গা রেইডিংয়ে। শাহনাজ পারভীন মালেকা, ফাতেমা আক্তার পলিদের নিয়ে গড়া আনসারের বেশির ভাগ খেলোয়াড়ই জাতীয় দলের। কিন্তু তারুণ্যনির্ভর বিজেএমসিই শেষ পর্যন্ত বাজিমাত করেছে। যদিও আনসারের খেলোয়াড়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মিনিট খানেক আগেই খেলা শেষ করেছেন আম্পায়াররা। তবে ফাইনালের অন্যতম আম্পায়ার আমজাদ হোসেন মজনুর দাবি, ‘আমাদের তিন আম্পায়ারেরই স্টপওয়াচের টাইমিং একই ছিল। ওদের অভিযোগ মোটেও সত্যি না।’
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আনসারের ফাতেমা আক্তার পলি। ফাইনালের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন বিজেএমসির ফাতেমা আক্তার শিলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।