কাবাডিতে মারামারির শাস্তি পেল আনসার
এবারের বাংলাদেশ গেমসে কালি ছিটিয়েছে কাবাডিতে দুটি মারামারির ঘটনা। রক্ত ঝরেছে ম্যাটে। আহত হয়েছেন রেফারিসহ অনেকেই। ন্যক্কারজনক ওই দুটি ঘটনা বাংলাদেশের বাস্তবতায় ঢাকা পড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকেই। তবে সেই শঙ্কা দূরে ঠেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কার্পণ্য করেনি কাবাডি ফেডারেশন।
গত পরশু টুর্নামেন্ট কমিটির নেওয়া শাস্তির সিদ্ধান্তই ফেডারেশন বহাল রেখেছে। ইতিমধ্যে তা পাঠিয়েও দেওয়া হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য ছিল রেফারিদের রিপোর্ট ও টেকনিক্যাল কমিটির সুপারিশ।
গত ২৪ এপ্রিল মেয়েদের ফাইনালে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজেএমসি, কিন্তু ফাইনাল শেষ হতেই আনসারের তাণ্ডব শুরু হয় স্টেডিয়ামে। রেফারি রফিকুল ইসলামের মাথা ফেটেছে, আহত হন খেলোয়াড়-কর্মকর্তারা। ভীতিকর এক পরিবেশ তৈরি হয়েছিল সেদিন।
ক্ষুণ্ন হওয়া কাবাডির ভাবমূর্তি হয়তো আর ফিরিয়ে আনা যাবে না। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খুশি এই ভেবে, ‘রেফারি নিগ্রহ, গোলমালের উসকানিদাতা এবং উচ্ছৃঙ্খলতার জন্য আনসারের চার কর্মকর্তা আবদুল আজিজ, নূরে আলম, ঢাকা জেলার সহকারী কমান্ডার সজল এবং ক্রীড়া অফিসারকে দুই বছরের জন্য কাবাডির সব কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। এটা ক্রীড়াঙ্গনের জন্য বিরাট এক দৃষ্টান্ত।’
তাঁর দেওয়া তথ্য, ওই ম্যাচের ভিডিও দেখে আনসারের খেলোয়াড় কচিরানী মণ্ডলকে ভাঙচুর ও গোলমালের জন্য এক বছরের জন্য বহিষ্কার করেছে কমিটি। ফেডারেশনের জিনিসপত্র ভাঙচুর এবং আহত রেফারিদের চিকিৎসার জন্য আনসারের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হবে।
আনসারের ক্রীড়া কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ এই শাস্তির ব্যাপারে কিছু জানেন না। কাল টেলিফোনে ধরা হলে বললেন, ‘ফেডারেশন কী করেছে আমরা জানি না। আমি ওই দিনের ঘটনায় ছিলাম না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
ওদিকে ২৬ এপ্রিল পুলিশ-সেনাবাহিনী পুরুষ সেমিফাইনালে আবার গোলমাল, মারামারির ঘটনায় খেলোয়াড়দেরই মূলত কাঠগড়ায় তুলেছে টুর্নামেন্ট কমিটি। পুলিশ দলের খেলোয়াড় রোমানুজ্জামানকে এক বছর এবং আর দুজনকে ছয় মাস নিষিদ্ধ করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে যাওয়া জাতীয় দলের খেলোয়াড় সেনাবাহিনীর খেলোয়াড় আবু সালেহ মুসা বহিষ্কৃত তিন মাস।
ঘটনার পর পুলিশ-সেনাবাহিনী দুই পক্ষই ফেডারেশনকে সহযোগিতা করেছে, এই স্বীকৃতি দিয়ে এই পক্ষকে ধন্যবাদসূচক চিঠি দিচ্ছে ফেডারেশন।