>

১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ কাবাডি
ব্যস্ত শহরের ঠাসবুনটের ভিড়েও ওঁরা কজন থাকেন নিরিবিলি পরিবেশে। ওঁরা মানে জাতীয় কাবাডি দলের আরদুজ্জামান, ফিরোজ জামান, রাজু আহমেদরা। পল্টন কাবাডি স্টেডিয়াম থেকে নিয়মিত অনুশীলন শেষে ফেরেন গন্তব্যে—আবাসিক হোটেল। গত নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম থেকে খেলোয়াড়দের উঠিয়েছে আবাসিক হোটেলে। উদ্দেশ্য একটাই—এসএ গেমসের কাবাডিতে ভালো কিছু করা।
সেই ভালোর মানদণ্ড অন্তত রুপা জেতা। সর্বোচ্চ লক্ষ্যও ওটাই। কারণ কাবাডির সোনাটা একরকম ভারতেরই সম্পত্তি। একসময় এশিয়ান গেমসে রুপা আসত কাবাডিতে। কাবাডির সেই দিন এখন ধূসর। ফেডারেশনের উদাসীনতায় খেলা নেই। গত এক বছর লিগ, জাতীয় প্রতিযোগিতা, ক্লাব টুর্নামেন্ট কিছুই হচ্ছে না। এশিয়ান গেমস দূরে থাক, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মঞ্চে রুপা জেতার কথাও তাই সাহসভরে উচ্চারণ করতে পারেন না পুরুষ দলের কেউ। সে তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে দ্রুতই নাম ছড়িয়েছেন মেয়েরা। ২০০৬ কলম্বো গেমসে প্রথম যোগ হয় মেয়েদের কাবাডি। ব্রোঞ্জ দিয়ে শুরু করলেও ২০১০ ঢাকা গেমসে রুপা জিতে বাংলাদেশ দলের মান রেখেছিলেন এই মেয়েরাই। মেয়েদের সঙ্গে এবার পুরুষ দলও মাথা উঁচু করে ফিরতে চায় গেমস থেকে।
১৯৮৪ কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসের শুরুতে কাবাডি ছিল না। এরপর থেকেই আছে। পরের ১০টি গেমসে মাত্র তিনবার রুপা জিতেছে পুরুষ দল। এর মধ্যে ১৯৮৫ ও ১৯৮৭ টানা দুটি গেমসে, এরপর ১৯৯৫ সালে। বাকি ছয়বারের পাঁচবারই ব্রোঞ্জ পদকে থেমেছে বাংলাদেশের পুরুষ দলের দৌড়। ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে ফিরতে হয়েছিল শূন্য হাতে।
পেছনের গল্পটা যেমন উজ্জ্বল হতে পারত, ততটা হয়নি। সর্বশেষ রুপা এসেছিল সেই ২০ বছর আগে, ’৯৫ সালে মাদ্রাজে। কথাটি মনে করিয়ে দিতেই জাতীয় দলের অধিনায়ক আরদুজ্জামান হতাশায় দীর্ঘশ্বাস ফেললেন। আশার কথাও বললেন এরপর, ‘ভারত কঠিন প্রতিপক্ষ। ওদের হারানো সম্ভব নয়। তবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সে লক্ষ্যেই অনুশীলন করছি। নিজেদের সেরাটা দিতে পারলে রুপা জেতা অসম্ভব হবে না।’
স্থানীয় কোচ সুবিমল চন্দ্রের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় কোচ জগমোহন কিলারু। অনুশীলনে খেলোয়াড়দের আক্রমণের ধারাটাই তিনি বদলে দিয়েছেন, যার সুফল দল পাবে বলেই বিশ্বাস কোচ-খেলোয়াড়দের। এমনিতে ১৪ খেলোয়াড়ের মধ্যে সাতজনেরই শুধু আছে এসএ ও এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা। বাকিরা নতুন হলেও অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এই দল নিয়েই আশাবাদী সুবিমল, ‘নতুন খেলোয়াড়েরা অনুশীলনে খুবই ভালো করছে। আমরা এই দল নিয়েই আশা করি রুপা জিততে পারব।’
গত ৭ আগস্ট শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। শুরু থেকেই মহিলা দলের সঙ্গে আছেন দেশের সেরা কোচ আবদুল জলিল। ১৪ জন মহিলা খেলোয়াড় নিয়ে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন করাচ্ছেন, ঢেলে দিচ্ছেন খেলোয়াড় ও কোচ হিসেবে এশিয়াডে রুপা জয়ের যাবতীয় অভিজ্ঞতা। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা নিয়ে হাহাকার তাঁর কণ্ঠে, ‘মেয়েরা যেভাবে কঠোর অনুশীলন করছে, তাতে রুপা ধরে রাখা সম্ভব। তবে আমাদের এখন প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। সেই সুযোগটাই পাচ্ছি না।’
বছর তিনেক আগে বাংলাদেশ গেমসের পর জাতীয় দলের মেয়েরা আর ম্যাটে নামার সুযোগ পাননি। গত বছর মেয়েদের লিগ হলেও ক্যাম্পের মেয়েদের খেলার অনুমতি দেয়নি ফেডারেশন। এ নিয়েই বিস্তর আক্ষেপ অধিনায়ক শাহনাজ পারভীন মালেকার, ‘এবার লিগে মেয়েদের খেলতে দেওয়া হয়নি, খেললে খুব উপকার হতো। ছয় মাস হলো ক্যাম্পে আছি, কিন্তু একটা প্রস্তুতি ম্যাচও খেলতে পারলাম না। নিজেরা কোথায় আছি, সেটাই তো বুঝতে পারছি না।’
কাবাডিতে বাংলাদেশের পদক
মোট পদক: ৩ রুপা ও ৯ ব্রোঞ্জ
পুরুষ দল
২ রুপা
৮ ব্রোঞ্জ
মহিলা দল
১ রুপা
১ ব্রোঞ্জ