কাবাডিতে রুপার নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে আশা
মানুষের মন স্বপ্নই দেখে। সকালে কাবাডি স্টেডিয়ামে ঢুকেই টের পাওয়া গিয়েছিল স্বপ্নের ওড়াউড়ি। কিন্তু দিন শেষে কিছু স্বপ্ন বেঁচে থাকল। কিছু স্বপ্ন পথ হারাল। আসলে এক দলের স্বপ্নভঙ্গের পথ ধরেই রচিত হলো আরেক দলের স্বপ্নপূরণের পথ। পুরুষ-মহিলা—দুই বিভাগেই শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে নিজেদের স্বপ্ন উজ্জ্বল করেছে বাংলাদেশ।‘শ্রীলঙ্কাকে হারিয়ে আজই ব্রোঞ্জ নিশ্চিত করতে চাই। এর পর পাকিস্তানকে হারিয়ে খেলতে চাই ফাইনালে’—স্টেডিয়ামের ভেতরে ঢুকতেই বাংলাদেশ পুরুষ দলের কোচ আবদুল জলিলের কথাটা কানে এল। অভিন্ন কণ্ঠে এর জবাবও দিয়েছিলেন শ্রীলঙ্কার কোচ ও ম্যানেজার। কোচ সনাত্ প্রিয়ান্তা বলেছিলেন, ‘আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ আর ম্যানেজার হেতিয়ারাচ্চির কথা ছিল, ‘আমরা ফাইনাল খেলতে চাই। আশা করি পারব।’বাংলাদেশ কোচ জলিলের প্রত্যাশামতোই কেটেছে কালকের দিনটি। শ্রীলঙ্কাকে ৩৬-১৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। একপেশে জয়। প্রথমার্ধে দুটি লোনাসহ ২০ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশের ছেলেরা। সঙ্গে ছিল দুটি লোনাও। দ্বিতীয়ার্ধের ১৬ পয়েন্টে ছিল একটি লোনা।আগের দিনও ছেলেদের অনুসরণ করে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কালও হলো তা-ই। শ্রীলঙ্কার মেয়েদের দলটিকে ৩৫-২০ পয়েন্টে হারিয়েছে তারা। দুই অর্ধে দুটি লোনাও পেয়েছে বাংলাদেশের মেয়েদের দলটি। বিকেলে ভারতের কাছে নেপাল হেরে যাওয়ায় রুপা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।তবে রুপা জয়ের আগাম উত্সবটা তারা সেরে রাখে সকালে, শ্রীলঙ্কাকে হারানোর পর পরই। কারণ, জানাই ছিল ভারতের সামনে নেপাল দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মহিলা দলের কোচ আবদুল হাকিম অবশ্য আরও বড় উত্সবের স্বপ্ন দেখছেন, ‘শ্রীলঙ্কাই একসময় আমাদের কাছে অজেয় ছিল। আমরা ওদের হারাতে পেরেছি। এখন আরও বড় কিছু করার স্বপ্ন তো দেখতেই পারি।’আরও বড় কিছু মানে ফাইনালে ভারতকে হারিয়ে সোনা জয়? সত্যিই পারবে বাংলাদেশ? অধিনায়ক শাহনাজ পারভীনকে আত্মবিশ্বাসীই মনে হলো, ‘আমরা আমাদের প্রথম লক্ষ্য ছুঁতে পেরেছি। এখন সোনা জয়ের কথা ভাবছি। দলের সবাই খুব চাঙা। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।’