কাবাডিতে শুরু জয় দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবাডিতে পুরুষ দলের কাছেই সোনাটা এখনো স্বপ্ন। মেয়েদের দিয়ে তো কোনো আশাই নেই! কাবাডি মাঠে যখন ম্যাচ শুরুর প্রস্তুতি চলছিল, কেউ একজন বলল কথাটা। এটির রেশ কাটতে না-কাটতেই বাংলাদেশের পুরুষ দল নেমে গেল নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে। অমনি ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান উঠল—বাংলাদেশের মেয়েদের দলটি উত্সাহ দিতে লাগল ছেলেদের।নেপালকে ৪১-২০ পয়েন্টের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। পরে মেয়েরাও দেখাল শুধু ছেলেদের উত্সাহ দেওয়ার জন্যই নয়, জিততে এসেছে তারাও। নেপালেরই মেয়েদের দলকে ৩৩-১০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগে কোচ আবদুল জলিল ও তাঁর সহকারী বাদশা মিয়া বারবার বলছিলেন জিয়াউর রহমানের কথা। ইনজুরিতে পড়ে জিয়াউর খেলতে পারছেন না। বিশ্বসেরা রেইডারকে ছাড়া বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে একটু টান পড়ে বৈকি। ‘জিয়ার অভাব অপূরণীয়। চেষ্টা করব ওকে ছাড়াই ভালো খেলতে’—বলছিলেন জলিল। তবে ম্যাচের পর তাঁর কণ্ঠেই আত্মবিশ্বাসের অনুরণন, ‘আমরা মনে হয় ভালো কিছু করতে পারব।’ কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই কথা বলেছেন অধিনায়ক আল মামুনও।৬ মিনিটের মধ্যে প্রথম লোনা পায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষ করে ১৮-৬ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয় লোনাটি আসে দ্বিতীয়ার্ধে। এমন পারফরম্যান্সের পর কোচ-অধিনায়ক এমন ভাবতেই পারেন। কিন্তু চোট নিয়ে বাইরে বসে যে জিয়া, বাংলাদেশের সেরা সেই কাবাডি খেলোয়াড় দর্শক সারিতে বসে খেলা দেখতে দেখতে বললেন, ‘এখনই কিছু বলা যায় না। নেপাল টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। ওদের বিপক্ষে এভাবে তো সবাই-ই জিতবে!’বাংলাদেশের ম্যাচের পর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিও একটি ইঙ্গিত দিয়ে গেল—ভালো কিছুর জন্য বাংলাদেশকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। শ্রীলঙ্কা দল যথেষ্টই ভালো খেলে। কিন্তু পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি তারা। হেরেছে ৮-২৮ পয়েন্টে। দুটি লোনাও পেয়েছে পাকিস্তান। তাদের খেলা দেখে অনেকেই বলছেন ভারতের সঙ্গে ওদের ভালো লড়াই হবে।এর আগেই শুরু মেয়েদের ম্যাচের গোড়াতেই বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে নেপালি মেয়েদের ওপর। ছেলেদের মতো বাংলাদেশের মেয়েরাও মিনিট আটেকের মধ্যেই একটি লোনা পেয়ে যায়। প্রথমার্ধে তারা এগিয়ে থাকে ১৮-৫ পয়েন্টে। প্রথমার্ধের এই পয়েন্টের অর্ধেকই আসে শাহিন আরার অসাধারণ রেইডিং দক্ষতায়। আর দ্বিতীয়ার্ধটা ছিল মালেকা পারভীনের। দ্বিতীয়ার্ধে তিনি একাই বাংলাদেশকে এনে দেন ৬টি পয়েন্ট। তবে মালেকা পারভীন এই পয়েন্ট এনে দেন ক্যাচিং দিয়ে। যদিও এরপরও ক্যাচিং নিয়ে আক্ষেপ করলেন মহিলা দলের কোচ আবদুল হাকিম। এই আক্ষেপ চেপেও অবশ্য স্বপ্ন দেখছেন তিনি, ‘আমরা আরও ভালোভাবে জিততে পারতাম যদি ক্যাচিংটা ভালো হতো। তবে পদক জয়ের আশা এখন দেখছি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই একটি পদক নিশ্চিত হয়ে যাবে।’