কাবাডিতে হার দুই দলেরই
কোনো অঘটন নয়, যে রকম হওয়ার কথা ছিল সেভাবেই এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশের পুরুষ ও মহিলা কাবাডি দল। সংদো গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেসিয়ামে কাল দুই দলই হেরেছে ভারতের কাছে।
চীনে অনুষ্ঠিত গত এশিয়াডে ব্রোঞ্জজয়ী বাংলাদেশের মেয়েরা কাল সকালে নিজেদের প্রথম ম্যাচে দুটি লোনাসহ হেরে গেছে ১৮-২৯ পয়েন্টে। প্রথমার্ধে তারা পিছিয়ে ছিল ৫-২২ পয়েন্টে। দুপুরে পুরুষ দল ভারতের কাছে হেরেছে ১৫-৩০ ব্যবধানে।
তবে এই পরাজয়ের পরও পুরুষ ও মহিলা দুই বিভাগেই বাংলাদেশের কোনো না কোনো পদক জয়ের আশা আছে। সে আশাটা শেষ পর্যন্ত পূরণ হবে কি না, সেটা নির্ভর করছে দুই দলের আজকের ম্যাচের ওপর। আজ মহিলা দল মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার। পুরুষেরা খেলবে পাকিস্তানের বিপক্ষে। গত এশিয়াডে বাংলাদেশের মেয়েরা এই দক্ষিণ কোরিয়াকে হারিয়েই পেয়েছিল ব্রোঞ্জপদক। অন্যদিকে ২০০৬ সালের পর পুরুষেরা পাকিস্তানের বিপক্ষে জেতেনি কখনোই।
কাল ভালো খবর আসেনি গলফ থেকেও। এককে ৮০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের সজীব আলী ২৮তম, নাজিম ৩৬তম, ইসমাইল ৩৯তম এবং সাগর ৫৩তম হয়েছেন। দলীয় ইভেন্টে বাংলাদেশের অবস্থান দশম।