গত এশিয়ান গেমসে উপেক্ষিতদের তালিকায় ছিল অ্যাথলেটিকস। তবে এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এশিয়ান বিচ গেমসে পাঠাচ্ছে দেশের দ্রুততম মানব–মানবী—মেজবাহ আহমেদ এবং শিরিন আক্তারকে।
যাচ্ছেন বটে তাঁরা, কিন্তু বিচ গেমস উপযোগী অনুশীলন করতে পারলেন কই! আর্মি স্টেডিয়ামে লং জাম্পের ছড়ানো বালুর ওপর দৌড়েছেন। ট্র্যাকের পাশে বালু ছিটিয়েও নিজেদের মতো অনুশীলন সেরেছেন। এমন অনুশীলনে খুশি হওয়ার কিছু নেই। তার পরও ৬০ মিটারের এই প্রতিযোগিতায় ভালো কিছু করার প্রত্যাশা মেজবাহর, ‘এশিয়ান গেমসে যেতে পারিনি, মনের ভেতরে একটা জেদ ছিল। এ জন্য বিচ গেমসে ভালো ফল করতে চাই। তা ছাড়া এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’
১৪-২৩ নভেম্বর থাইল্যান্ডের ফুকেটে হবে চতুর্থ এশিয়ান বিচ গেমস। অ্যাথলেটিকস ছাড়াও বাংলাদেশ খেলছে বাস্কেটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি (পুরুষ ও মহিলা), ভলিবল ও কুস্তিতে। মোট খেলোয়াড় ৩৩ জন। আজ থাইল্যান্ড যাচ্ছেন সাঁতার, বাস্কেটবল ও কুস্তি খেলোয়াড়েরা। গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন বাস্কেটবল খেলোয়াড় মিথুন বিশ্বাস।
বাংলাদেশ দল বরাবরের মতো অভিজ্ঞতা অর্জনের জন্যই যাচ্ছে। পদকের আশা শুধু মহিলা কাবাডিতে। বিওএ ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বললেন, ‘অল্প সময়ের মধ্যে যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে, মহিলা কাবাডিতে গতবারের ব্রোঞ্জ পদকটা এবারও ধরে রাখতে চাই।’