কাবাডির উপহারও হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়, এ কী হলো!জাপানের কাছে অপ্রত্যাশিত পরাজয় বাংলাদেশ পুরুষ কাবাডি দলকে ডুবিয়ে দিয়েছে হতাশায়। মেয়েদের বিভাগে ভারতের কাছে ৩৪-২০ পয়েন্টে পরাজয়টা তাও মেনে নেওয়া যায়। কিন্তু ছেলেদের মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পরাজয় (১৫-১৪) বাংলাদেশের জন্য বড় বেশি বেদনার। ১৯৯০ বেইজিং এশিয়াডে কাবাডি অন্তর্ভূক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ এসেছে। প্রথমবার রুপা, পরেরবারও রুপা, ১৯৯৮ সালে ব্রোঞ্জ, ২০০২ সালে রুপা, গতবার ব্রোঞ্জ। গত পাঁচটি এশিয়াডে বাংলাদেশকে একমাত্র পদক দেওয়া কাবাডির এমন বাজে দিন আর আসেনি। এবার তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতাও কঠিন—জানাই ছিল। তবে প্রথমবারের মতো সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই ব্রোঞ্জ পাবে এমন নিয়ম হওয়ায় একটা পদক পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু জাপানের কাছে এই হার শূন্য হাতেই দেশে ফেরা প্রায় নিশ্চিত করে দিয়েছে। জাপানকে হারালে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালের টিকিট মিলত। সেই টিকিট এখন জাপানকে হাতছানি দিচ্ছে। এই জাপানের কাছে এশিয়াডে এর আগে মাত্র একবারই হেরেছে বাংলাদেশ (২০০২ বুসান এশিয়াডে)। তার পরও সেবার রুপা জেতায় ওই পরাজয়ের আঁচটা বাংলাদেশের গায়ে তেমন লাগেনি। আট বছর পর আরেকটি পরাজয় দেশের কাবাডিকে ডোবাল বড় এক হতাশায়।পাকিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে জিতলে সেমিতে যেতে পারবে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে জিতলেও পাকিস্তানকে হারানো বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভবই। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে সব ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশ পাকিস্তানকে হারানোর শুধু স্বপ্নই দেখে। এবারও পরাজয় ছাড়া ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা কম।জাপানের কাছে হারের পর কাবাডি দলের প্রতিক্রিয়া কী হতে পারে, বলা বাহুল্য। গোটা দল ম্যাচের পর ম্যাটেই হতাশায় নুয়ে পড়েছে। কারও মুখেই কোনো কথা ছিল না।খেলোয়াড় নির্বাচন ঠিক হয়নি বলে অভিযোগ তুলেছিলেন কাবাডির বহু সাফল্যের নায়ক আবদুল জলিল। জিয়াউর রহমানের মতো খেলোয়াড়কে আনফিট ঘোষণা করে দলে নেয়নি ফেডারেশন। দল নির্বাচনে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হওয়া কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম কাল ম্যাচের পর বললেন, ‘মহিলা দল হারতে পারে, কিন্তু পুরুষ দলের হার হতাশাজনক।’ তাঁর কথার সঙ্গে দ্বিমত নেই। কিন্তু কাবাডি উন্নয়নে মুনীর সাহেবরা ক্ষমতা নিয়ে কী করেছেন, সেটি নিয়েও তো বড় প্রশ্ন আছে। যা-ই হোক, দেশের কাবাডির ভিত্তি যে নড়বড়ে হয়ে উঠেছে, জাপান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তবে এই হতাশার মধ্যেও মেয়েদের দল পদক আনতে পারে। আজ দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের হাতে উঠবে অন্তত একটি ব্রোঞ্জ।ভারতের কাছে মেয়েদের হার ছিল অনুমিতই। ঘাবড়ে যাওয়া বাংলাদেশকে চেপে ধরে প্রথমার্ধেই ২২-৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত (৫ মিনিটের মধ্যেই দুই লোনাসহ ১২ পয়েন্ট)। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা ১ পয়েন্ট বেশি পেলেও বিশাল ওই ব্যবধানটা আর ঘোচাতে পারেনি।কোচ আবদুল হাকিম মিয়ার ব্যাখ্যা, ‘মেয়েরা ভয় পাওয়ায় প্রধমার্ধেই ম্যাচটা হেরে যাই আমরা।’