কাবাডির প্রস্তুতি টুর্নামেন্ট
হরতাল-অবরোধও থামাতে পারেনি ওদের অনুশীলন। পল্টন কাবাডি স্টেডিয়ামের ম্যাটে কঠোর অনুশীলনে মগ্ন জিয়াউর রহমান, আল মামুন, মোশারফ হোসেনরা। ২৭-৩১ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে হবে কাবাডির বিশ্বকাপ। কাবাডির সর্বোচ্চ আসর সামনে রেখেই চলছে এমন অনুশীলন।কাবাডি বিশ্বকাপে কখনোই চ্যাম্পিয়ন হয়নি বাংলাদেশ। দুবারের ব্রোঞ্জজয়ী এই দলটিকে নিয়ে কোচ আবদুল জলিলের স্বপ্ন এবার আরেক ধাপ ওপরে ওঠার, ‘আমরা একটা ভালো ফল করতে চাই। আমরা এখন ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে চাই না।’ ফেডারেশন বিশ্বকাপ কাবাডির আগে প্রস্তুতির জন্য একটা আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টের আয়োজন করেছে এরই মধ্যে। ৭ মার্চ পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হবে স্বাধীনতা কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। কলকাতার বিদ্যাসাগর ক্লাব, বিহার রাজ্য কাবাডি দল ও আসাম কাবাডি দলের সঙ্গে খেলবে বাংলাদেশের দুটি দল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। জাতীয় দলে খেলছেন বিজিবির পাঁচজন, সেনাবাহিনীরও পাঁচ খেলোয়াড় আছেন বিশ্বকাপের দলে। চার দিনের এই টুর্নামেন্ট খেলোয়াড়দের ভালো প্রস্তুতির সুযোগ দেবে বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ‘বিশ্বকাপে খেলার আগে আমরা বিদেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না। আশা করি, এই টুর্নামেন্টটা খেলোয়াড়দের অনেক কাজে লাগবে।’ স্বাধীনতা কাপ শেষ হলে ভারতের এই দলগুলোর সঙ্গে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।