কাবাডির সেরা সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবাডি স্টেডিয়ামটা কাল ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। র‌্যাবের সদস্যরা অস্ত্র হাতে দাঁড়িয়ে। কোর্টের পাশ থেকে সরিয়ে ফেলা হয়েছে সব প্লাস্টিকের চেয়ার। গ্যালারিতে উপচে পড়া দর্শক। তবে আগের মতো কোনো দর্শকই কাল ঢুকতে পারেনি কাবাডি কোর্টে। বদলানো হয় রেফারি-আম্পায়ারও। একটু উত্তেজনা হলেই সবুজ কার্ড দেখেছেন খেলোয়াড়েরা। এমন কড়া নিরাপত্তা থাকলে হয়তো আগের অপ্রীতিকর ঘটনা ঘটত না। এই কঠোর নিরাপত্তার মধ্যেই কাল ফাইনালে বিজিবিকে ৩০-২২ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে সেনাবাহিনী।পরশু পুলিশের খেলোয়াড় ও সদস্যদের হাতে মার খেয়ে হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর সেরা খেলোয়াড় আবু সালেহ মুসা। এখনো হাসপাতালে আছেন এই রেইডার। তবে তাঁকে ছাড়াই ভালো খেলেছে সেনাবাহিনী। এর আগে রেফারির প্রতিবেদনের ভিত্তিতে পরশু গভীর রাতে জরুরি সভা করে সেমিফাইনালে জয়ী ঘোষণা করা হয় সেনাবাহিনীকে।ভারোত্তোলন: বিচারকেরা সেনাবাহিনীর আবদুল্লাহ আল মুমিনের ‘রেকর্ডটি’ আমলে নিলে কাল রেকর্ড হতো পাঁচটি! ক্ষুব্ধ মুমিন বললেন, ‘আমি ২৬২ কেজি তুলে নতুন রেকর্ড করলেও ফেডারেশন বলছে রেকর্ড হয়নি। বাংলাদেশ গেমসের রেকর্ডের কোনো তথ্যই কেউ ঠিকমতো বলতে পারছেন না। আমি ফেডারেশনের অদ্ভুত নিয়মের শিকার।’পুরুষদের ৮৫ কেজিতে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর মাইনুল ইসলাম। স্ন্যাচে ১১৪ ও জার্কে রেকর্ড গড়ে তোলেন ১৪৬ কেজি। সব মিলিয়ে তোলেন ২৬০ কেজি। মেয়েদের ৫৩ কেজিতে আনসারের মাবিয়া আক্তার ১৬০ কেজি তুলে রেকর্ড করেছেন। ৫৮ কেজিতে রেকর্ড করেছেন আনসারেরই ফাহিমা আক্তার (ময়না)। তিনি তুলেছেন ১৫৮ কেজি। আর ৬৩ কেজিতে রেকর্ড একই দলের শাহরিয়া সুলতানার। তিনি তুলেছেন মোট ১৬০ কেজি।বাস্কেটবল: ধানমন্ডি উডেনফ্লোরে কাল সেনাবাহিনীকে ৬৬-৫৯ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে নৌবাহিনী।গলফ: সোনা কুর্মিটোলা গলফ ক্লাবের, রুপা আর্মি গলফ ক্লাবের।বক্সিং: ১০টির মধ্যে সাতটি বিভাগেই কাল সোনা জিতেছে সেনাবাহিনী। বাকি তিনটি সোনা আনসার, রেলওয়ে ও বিকেএসপির। মেয়েদের ছয়টি ওজন শ্রেণীর পাঁচটি সোনাই আনসারের। অন্যটি রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের।আর্চারি: আর্চারিতে বাংলাদেশ আর্মি আর্চারি অ্যাসোসিয়েশন জিতেছে সাতটি সোনা, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা চলার সময় কাল বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন বিচারক নুরুল ইসলাম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন (চপল)।